নৈঋতে কেন মুখ ফেরানো জানতে চাও,
কল্পলোকের গল্পগুলোকে বাস্তবের বঁড়শিতে নিষ্ঠুর হাতে টানাও
একেবারে টানটান।
মেঘের জঠর থেকে জল নামলেও কেমন করে না তোমার ঐ প্রাণ।
বাঁকা পাহাড়ে আগুন দিয়ে জ্বালিয়েছি নস্টালজিয়া,
মাঠকোঠা দিঘল হরিণের চোখে বন্ধক রেখে হয়েছি চক্রের ধারক;
এর মাঝে ঘুরে আসে সহস্র নীরব অনুযোগ,
বিদ্রুপের হুলোধ্বনি, আমার নির্জন কোরক
জনারণ্যে ছিঁড়েখুঁড়ে উড়াই ভস্মধ্বজা
কাদামাখা বুকে অস্ফূট শয্যা সাজা;
অনতিক্রম্য রাত ষড়যন্ত্রকারীর মতো মুখ ব্যাদান
সমুখে অমিত কুয়াশা, হিজিবিজি শরত দোকান
'ভালোবাসা' বন্ধু চেয়েছিলো।
জীবন উড়িয়ে লেজ চেয়েছে "লজ্জার ঘাগরা",
ভুলগুলো বেড়ে গেছে প্রতিদিন, সাথে হৃতকম্পন -
ঐ যে হয়ে গেলো "লাজদেবী"র তীব্র বিসর্জন।
অবশেষে আমি উদ্ধত নির্লজ্জ হলাম
মাসান্তের আলিঙ্গন মৃতের পায়ে ভেট্ দিয়ে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



