ছেলেটি বড় বিষয়ী, মেয়েটি ঠিক তার উল্টো। ছেলেটি চেনে চিকন চালের ভাত, ঘর ভর্তি দামী আসবাব, অভিজাত দোকানের বিকিকিনি আর পরিণত সময়ে নিজের একটি ঘর। মেয়েটি চিকন চালের ভাতকে দেখে বেলী আর চাঁপার রাশি, ঘর ভর্তি প্রেমের ঘটা, ফুল আর পুতুলের দোকানে বিকি কিনি, রাতের ঘুম হারাম করে চাঁদ দেখা আর পরিণত বয়সে দু'জন পান চিবিয়ে গাল রাঙিয়ে ঝগড়া করা! দু'জন তারা দুই জগতের বাসিন্দা!
মেয়েটি চায় ছেলেটি তার অনাবাদি জমিনে চাষ দিয়ে ফসল ফলাক! লাঙলের ফলায় ক্ষতবিক্ষত জমিনে বুনুক ভালাবাসার বীজ! মেয়েটির বুকে এক পদ্ম দিঘী আছে! সেথায় দুটি শাপলা ফুলের ঠিক মাঝখানে আছে এক দ্বিধান্বীত ভ্রমরের ইতস্তত ওড়াউড়ি, আরেকটি ভ্রমর সেই অবসরে নিশ্চিন্তে বসে থাকে আরেক শাপলার উপর! মেয়েটি চায় দেখুক বোকা ছেলেটা, জন্ম দিক কোন কালজয়ী কবিতার! বোকা ছেলে বোঝে না কিছুই। ভ্রমরের খেলা তার চোখে পড়েনা, সে দুমড়ে মুচড়ে ছিঁড়ে আনে ফুল দুটোকে। কিছুক্ষন খেলা করে ছুঁড়ে ফেলে রাস্তার পাশে!
ছেলেটি দেখে দূরদর্শনের নীচে পিঁপড়ার সারির মত চলা শেয়ার বাজারের দরপতন! হা হুতাশে ঘরের আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমান বাড়িয়ে তোলে! মেয়েটি তার ঠিক উপরে দেখে সদ্যবিবাহিতা নববধূ স্বামীসঙ্গ থেকে বঞ্চিত হয়ে কিভাবে বালিশ চেপে কাঁদে। ওড়নার আঁচলে চোখ মুছে মেয়েটিও! মেয়েটির মনে তখন ছেলেটির থেকে দুরে থাকার সমূহ সম্ভাবনার আশংকা! দু'জন তারা দুই জগতের বাসিন্দা!
তবুও চলে দিন। তবুও চলে ঘরকন্না। সেথায় ভালবাসা আছে, দুই রকম। একজনের ভালবাসা কর্তব্যের আরেকজনের হৃদয়ের দাবীর! তবুও থামেনা জীবন। দুটি সুখি মানুষের জীবনের গতি চলে অবিরাম। তবুও ভালবাসা হয় দুটি দুই জগতের মানুষের। একটি ছেলে, একটি মেয়ে!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


