অতিরিক্ত হার্ডডিস্ক সংযোজনার্থে কম্পিউটার কেসিং এর ঝাঁপি খোলার যে ঘটনা , সেটাও মাস দুয়েক আগের কথা । পুরু হয়ে জমা ধুলিস্তরের কথা না হয় বাদই দিলাম , সাম্প্রতিক সময়ে দু'একটা টিকটিকিকেও কেসিং রাজ্যের অভ্যন্তরভাগে উঁকি মারতে দেখা গেছে ।কম্পিউটারের ভেতর টিকিটিকি তেলাপোকার জাঁকিয়ে বসার নীল-নক্সা বাস্তবায়নের আগেই কেসিংয়ের ঢাকনা এঁটে দিয়ে পতঙ্গ সাম্রাজ্য পত্তনের দ্বার রুদ্ধ করে দেব ।
২
কলেজের সাথে সম্পর্ক চুকে-বুকে যাবার ৬ বছর পূর্তি হলেও ইন্টারমিডিয়েটের বই-পত্র আজ অব্দি টেবিলের বিশাল অংশ জুড়ে আছে । এদিকে বাতাসে ইন্টারমিডিয়েটের সিলেবাস বদলে যাওয়ার জোর গুঞ্জন ।ফিজিক্স-কেমিস্ট্র-স্ট্যাট বই আর মুড়ির ঠোঙার সমমর্যাদায় অভিষিক্ত হবার আগেই বইগুলোর দফা রফা করে ছাড়ব
৩
৪ঠা জানুয়ারি , ২০০৮ সামহোয়্যার ইনে আমার প্রথম বর্ষপূর্তিতে লেখা অসমাপ্ত পোস্টের শিরোনাম বদল আর বিষয়বস্তুতে খানিক পরিবর্তন এনে দ্বিতীয় বর্ষপূর্তি পোস্ট হিসেবে চালিয়ে দেবার আপ্রাণ প্রয়াস চালাব ।
৪
রিমোট কন্ট্রোলের দৌরাত্মে চ্যানেল বদলে দেয়ার ধারায় , পুরো ২০০৮ সালে একটি নাটকও পুরোটা দেখা হয়ে উঠেনি । রিমোট কন্ট্রোলটা ঘন্টাখানেকের জন্য কোথাও গুম করে ফেলে আস্ত একখানা নাটক দেখে ফেলব ।
৫
প্রায় নতুন স্যান্ডেল শু টার ফিতা ছিড়ে যাবার পর হিচরে হিচরে চলছি সপ্তাহখানেকের বেশি । ৫ টা মিনিট সময় ব্যায় করে ফিতাটা সেলাই করে নেব ।
৬
২০০৮ এর শুরুতে চাকরী জীবনের সূচনালগ্নে লেখা পোস্টটা আজ অবধি আলোর মুখ দেখেনি । বছরের মাঝামাঝি চাকরি বদলে ফেলার দরুণ , উপযোগিতা হারিয়ে ফেলা সে লেখাটি ড্রাফট থেকে মুছে দেব ।
৭
৩২ টাকা সম্বল সহ পুরনো চাকরির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বয়ে চলেছি ৫ মাস । কোন একদিন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলব ।
৮
ইন্টারমিডিয়েটে বোর্ড বৃত্তির টাকা আসার কথা ৩ বছর আগেই । এরই মাঝে ভার্সিটির চৌকাঠ পেরিয়ে রীতিমত চাকুরে আমি । বৃত্তির টাকাগুলো ঠিকমত এসেছে কিনা জানতে , বুয়েট সোনালী ব্যাঙ্কে ঢুঁ মারব ।
৯....
বছরান্তে দু'টো মাসের জন্য হলেও ২০০৮ এ জেঁকে বসা আলসেমিগুলো ঝেঁটিয়ে বিদেয় করব
আমার খুব প্রিয় একটা গান বছর শুরুর উপহার হিসেবে সবার সাথে শেয়ার করলাম :
এমপিথ্রি ডাউনলোড লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

