দেড় যুগ আগের ছোটবেলার সেই দিনগুলিতে ঈদের রাতে আকাশের দিকে তাকিয়ে হয়ত ভাবতাম ....কষ্টের রঙ যেন "ভীষণ কালো"। ঈদের দিনের ঝলমলে সূর্যটা ক্লান্ত বিকেলের পথ ধরে যখন সাঁঝের আকাশে লালিমার ছটা হয়ে ফুটত, বুকের ভেতর একটা তীব্র শূন্যতায় হাহাকার করে উঠত । ভীষণ আনন্দের ঈদের দিনটা কি করে চোখের পলকে হারিয়ে গেল , সে কথা ভাবতেই ছোট্ট মনটা বিষন্নতায় ছেয়ে যেত । ইরানের দিনগুলিতে ঈদটা ছিল কেবলই একটা দিনের । সন্ধ্যাপ্রদীপ একসময় নিভে আকাশ ঢেকে যেত নিকষ কালো রঙে । জমাট কষ্টমালার মেঘগুলো অস্ফূট বৃষ্টি হয়ে আমায় ভেজাত ভীষণভাবে । রামাদানের ঈদের কালো প্রহরগুলোর সান্ত্বনা হয়ে রইত দু'মাস পরের কুরবানীর ঈদ । কুরবানীর ঈদে এসে যেন কোন ভরসার ভেলাটাও ডুবে যেত, আরেকটা এমন দিনের জন্য আরও ১০ মাস অপেক্ষার কথা ভেবে শক্তি-
সান্ত্বনা যেন হারিয়ে ফেলতাম । একাকী মনের সে কষ্টের দাগ কাটতে কেটে যেত আরও কয়েকটি দিন।
কৈশোরের দিনগুলিতে ঈদের কষ্টের রঙ ছিল কখনও সাদা , কখনও বা নীল । বন্ধুদের সাথে ঈদাড্ডা ঈদের দিনের সীমানা ছাড়িয়ে কখনও বা বিস্তৃত হত ঈদের পরের দিন ...... কখনও বা পরপর দু'রাতে বিরামহীন গল্প । আড্ডা ছেড়ে , গল্প শেষে গভীর ঘুমে ঢলে পড়ত ক্লান্ত দেহ , ঈদ হারানোর ব্যথাটা রাতের আঁধারে ছুঁয়ে দেবার সুযোগ মিলত না
। দিনের আলো ফোটার পর , এক বা দু'প্রহর পরে হঠাৎ যখন আবিষ্কার হত ...... দু'দিনের ঈদ , আড্ডা সব কেবলই গল্প হয়ে গেছে , কষ্টের অনুভূতিগুলো সন্তর্পনে ভর করত এ মনে। ঈদের দু'দিন পরের দুপুরের দিগন্ত ছোঁয়া আকাশের তীব্র নীলও শেল হয়ে বুকে বিঁধত , উদাস দুপুর , বিকেল বা সন্ধ্যাগুলো ভীষণ হয়ে মনে বাজত।
শৈশব , কৈশোর বা কৈশোরের চৌকাঠ পেরুনো জীবনের ক্ষণে ক্ষণে ঈদের কষ্টগুলো কখনও সবুজ হয়ে ডানা মেলত । যে বছর গুলোতে গ্রামে যেতাম , ঢাকায় ফেরার মুহূর্তগুলো পরম অনাকাঙ্খিত মুহূর্তগুলো বুকের ভেতর তীব্র আঁচর কেটে যেত । ফেরার পথে মাঠের পর মাঠ অনন্ত সবুজ , পেছনে ফেলা আসা গাঁয়ের ছায়া , প্রিয়জন স্মৃতিগুলোকে বারবার মনের জানালা ঝাপসা করে দিত । ঈদের দু'দিন পেছনে ফেলে ভীষণ ব্যস্ত এই শহরে যতবার পা রেখেছি , সবুজ রঙের
কষ্টগুলো হাতছানি দিয়ে আকুল স্বরে , অস্ফূট সুরে আমায় ডেকে যেত ।
তারপর অনেকদিন পর একদিন ঈদ আসে ।কষ্টের জন্য সাঁঝের লালিমার অপেক্ষা করতে হয় না , সবুজ চাদরে ঢাকা গাঁয়ে যাওয়া হয় না , দুর- দুরান্তে হারানো বন্ধুদের সাথে গভীর রাতের আড্ডাটা আর জমে না ....... । কষ্টের পুরনো রঙগুলো আজ যেন পরম পাওয়া মনে হয় ।
একাকী , নীরবে , নিভতচারী হয়ে নির্ঘুম সারারাত আমি কষ্টের রঙ খুঁজি। কষ্ট আসে চাঁদরাতে , রাতের নিকষ কালো রঙে , ভোরের আকাশের সাদাটে আকাশী হয়ে , দুপুরের সূর্যের সোনালী হয়ে বা সাঁঝের লাল আভা হয়ে , অজানা অপেক্ষার অজানা রঙ হয়ে । হেমন্তের ভোরেও একফোটা শিশির ঝরে না , বিন্দু বিন্দু শিশিরের স্বপ্নে , হেমন্তের হিমিকাছোঁয়ায় , অপেক্ষায় .... কেটে যায় দু'টো দিন , ব্যস্ত শহর নীরবতার আড়মোড়া ভেঙে একসময় জেগে ওঠে ..... শহরের সবক'টা রঙই আজ কষ্টের সমার্থক মনে হয় ।
পুরনো দিনগুলো ফিরে পেতে ইচ্ছে হয় , সেই ভীষণ ভাল লাগা নীল কষ্ট , সবুজ কষ্ট ....
উৎসর্গ: হেমন্তের সব ক'টা শিশির ফোঁটা
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


