যাই হোক, আমি প্রথমে রিক্সাচালকের মনোভাব বুঝতে চেষ্টা করি। তারপর তারসাথে আমি গল্প শুরু করি। সেটা অনেকরকমই গল্প। কখনও তার নিজের সম্মন্ধে জানতে চাই অথবা কখনও রাস্তায় ঘটে যাওয়া কোন ঘটনা নিয়ে গল্প করি। এর ফলে কয়েকটি উপকার হয়। যেমন, কোনকোন রিক্সাওয়ালা দেখবেন, চলার শুরু সময় বিভিন্ন কথা বলে বেয়াদবী করে, উগ্রতা দেখায়। তার সাথে কিছুক্ষণ কথা বলার ফলে সে নরম হয়ে যায়। তখন দেখা যায় সে বিভিন্ন রকম কথা বলে তার সম্মন্ধে তার পরিবার সম্মন্ধে।
কখনও কখনও রাজনীতি সম্মন্ধে কথা বলি। দেখতে চাই তাদের সমাজে রাজনীতিটাকে তারা কিভাবে দেখে? এই কাজটা আসলে আমি করি কিছু জানার জন্য। সত্যি কথা বলতে কি, অনেক কিছুই জানা যায় সেই কনর্ভাসেশন থেকে।
একদিন আমি রাত প্রায় পৌনে এগারোটার দিকে মিরপুর এক নাম্বার থেকে বাসাতে যাচ্ছিলাম। বাসা থেকে মিরপুর এক নাম্বারের দুরত্ব প্রায় ২ কিলোমিটারের কিছু বেশী। দোকানপাট মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। রাত অনেক হওয়াতে তাকে একটু তাড়াতাড়ি চালাতে বলেছিলাম। সে ও সেইরকম চালাচ্ছিল। এরই মাঝে ওর সাথে কথা বলছিলাম। ওকে জিজ্ঞাসা করলাম, বাড়ী কোথায়, কোথায় থাকে, এখানে কে কে থাকে, কিভাবে সংসার চলে। আরো অনেক কিছু ওর সম্মন্ধে।
এরপর কিছুক্ষণ পরে তাকে বলি "এখন আমাকে নামিয়ে দিয়ে কি আপনি আরো রিক্সা চালাবেন?"
সে বলল, " না আপনিই আমার শেষ প্যাসেঞ্জার, আর চালাবো না।"
আমি বললাম, "এখন বলেন, সারাদিন যা কামাইসেন এইটা দিয়ে কি আপনার সংসার চলবে?"
এই কথা বলার সাথে সাথে, সে কড়া ব্রেক করে রিক্সা থামিয়ে দিলো। সিট থেকে নেমে আমাকে বলছে, "ভাই আমারে কিছু কইরেন না, এই টাকা দিয়া এখন বাজার কইরা বাড়ীতে নিয়া যামু, ভাই আমাকে মাফ করেন ভাই।"
ঘটনার দ্রুততায় আমি কিছু বুঝিনি প্রথমে। পরে বুঝতে পারলাম, লোকটি আমাকে দেখে বা আমার কথা শুনে ভয় পেয়েছে। তাকে বললাম, "দুর মিয়া উঠেন রিক্সা চালান, আমি কি কই আর আমার সারিন্দা বাজায় কি?"
এই কথা শুনে সে একটু লজ্জার হাসি হাসলো, আমিও আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। রিক্সা আবার চলতে শুরু করেছে। কিছুদুর যাওয়ার পর সে বলল, "ভাই আমারে মাফ কইরা দেন, আমি আপনারে খারাপ লোক ভাবছিলাম।"
আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, চলেন চলেন।"
লোকটি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারো লজ্জার হাসি হেসে বলল, ভাই আমাকে মাফ করেন, আপনার কথা শুইনা আমি ভয় পাইছিলাম।"
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



