ব্লগিং করতে এসে গালাগালি করা বা শোনা একটা ন্যাক্কারজনক ব্যাপার। এই কমিউনিটি ব্লগিং এ এই ধরনের গালাগালি বা অশ্লীল কথাবার্তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। গালি দেবার ক্ষেত্রে মতের অমিল থাকতেই পারে। সেটাই স্বাভাবিক। কিন্তু এছাড়া প্রত্যেকে তার যুক্তি দিয়ে তার বক্তব্য পেশ করবেন। সেখানে আরেকজন যুক্তি দিয়ে দ্বিমত পোষন করবেন। এটাই প্রত্যাশিত, একটা সহনশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে। তবে অবশ্যই যুদ্ধাপরাধীদের দোসরদের গালি প্রদান জায়েজ মনে করি।
আমার জানামতে এই ব্লগের একটা নীতিমালা আছে। যেটা দিনে দিনে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে হয়ত গড়ে উঠেছে। সেই নীতিতে ব্যান একটি শেষ ষ্টেপ বলা যায়। আর এই আইন প্রয়োগের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে কর্তৃপক্ষের উপরে।
সম্প্রতি "বাবুয়া" নামে একজন ব্লগার ব্যান হয়েছেন একটি বাজে মন্তব্য করার জন্য। কিন্তু যখন কিনা এই ব্লগে অশ্লীল কথা বলার জন্য তাকে ব্যান করার দাবী চলছিল তখন তার পক্ষ থেকে আমরা কোন উত্তর/পোষ্ট পাইনি। জানিনা তার কারণ কি। তিনি কি ক্ষমা চাইতে চাননি নাকি সময় পাননি? নাকি অন্যকোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেটা আমরা কেউ জানিনা।
আমাদের জানা উচিত কেন উনি আরেকজন ব্লগারকে এ ধরনের মন্তব্য করলেন? তার পিছনের কথা গুলো কি? এখানে সবাই বলছেন একজন সন্মানিত মহিলাকে নিয়ে উনি বাজে উক্তি করেছেন। কিন্তু আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখি। পুরুষ বা মহিলা কোন ব্যাপার না। এখানে একটি নিকের পিছনে একটি মানুষ আছেন। তার একটা সন্মান আছে। সেটা হতে পারে, ব্লগীয় ইমেজ, সামাজিক ইমেজ ইত্যাদি। কারণ আমাদের লেখা এই ব্লগ গুলো আমাদের পরিচিত অনেকেই পড়ে যারা হয়ত কিনা আমাদের চেনেন সামাজিক ভাবে কিন্তু হয়ত ব্লগে তারা লেখেন না। সেখানে একটা সন্মান খোয়ানো বা অর্জনের ব্যাপার থেকে যায়। এটা সবার বেলাতেই প্রযোজ্য। সুতরাং গালি/অশ্লীল কথা সে যে যাকেই বলুক না কেন সেটা সম্পূর্ণভাবে অনুচিত।
বাবুয়ার শাস্তি হয়েছে। সাধুবাদ জানাই। ব্লগে এমন মন্তব্যের পরে তার শাস্তি না হলে হয়তো অনেকেই ব্লগিং এর উৎসাহ হারিয়ে ফেলতো। কিন্তু কেন এমন ঘটনার উদ্ভব হলো তার তত্ত্ব-তল্লাশী করা আমাদের উচিত। কারণ যে ঘটনার জন্য তিনি এমন মন্তব্য করেছেন তা ব্লগের বাইরে সংগঠিত, যা কোন ব্লগ আইনে নিয়ন্ত্রণ বা শাস্তিযোগ্য নয়। কিন্তু আমাদের জানা দরকার, ব্লগারদের আড্ডায় ব্লগারদের সরূপ, সেখানে কে কে ব্লগের বিদ্বেষ বাইরে ছড়িয়ে দিচ্ছে।
আমরা জানতে চাই কেন উনি আরেকজন ব্লগারকে এমন মানহানিকর কথা বললেন। কিছু পোষ্ট থেকে জানতে পারলাম যে, ঘটনার দিন বইমেলাতে তাকে শুনিয়ে শুনিয়ে কিছু বাজে কথা বলা হয়েছে। জানিনা সত্য/মিথ্যা। কারণ আমি ঘটনার সময় ছিলাম না। যারা ছিলেন তারা বলতে পারবেন। আবার হয়ত কেউ সত্য জেনেও চুপচাপ রয়েছেন মুখলজ্জার ভয়ে।
আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, ব্লগার বাবুয়াকে বলতে দেওয়া হউক কেন সে এমন অশ্লীল মন্তব্য আরেক জনের দিকে ছুঁড়ে দিয়েছেন। তার পিছনের কথা গুলো কি? ব্লগ হয়তো বই-মেলায় সংগঠিত ঘটনার বিচার করতে পারবে না, কিন্তু ব্লগারদের নৈতিক মানদন্ড তার যৌক্তিকতা পরিমাপ করার ক্ষমতা নিশ্চয়ই রাখে। ঘটনার পেছনের ঘটনা যদি না জানা যায় তবে ব্লগের উন্মুক্ততা ও স্বাধীনতার কোন মানে থাকবে না।
বাবুয়াকে অনুরোধ করবো আপনি আপনার কথা বলুন, প্রয়োজনে অন্য নিকে নিজের পরিচয় দিয়ে লিখুন। হাজারটা নিকে সবাই লিখতে পারলে আপনি অবশ্যই পারবেন।
পরিশেষে বাবুয়া আপনার কৃত মন্তব্যের জন্য ঘৃনা জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত নিজেকে জাস্টিফাই না করতে পারবেন, ক্ষমা চাইবেন, ততক্ষণ পর্যন্ত এই ঘৃনা সবাই আপনাকে করবে। নিজের জন্যই আপনাকে ডিফেন্ড করুন। ব্লগাররা একসময় আপনাকে ভালোবেসেছিলো, তার অবশেষটুকু এখনও ব্লগে টের পাওয়া যায়, তার জন্যই সত্য জানতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

