গুগল আর্থে ম্যাপে ঘুরে ঘুরে সব দেখা একটা নেশা হয়ে গিয়েছে। একই জিনিস ঘুরে ফিরে দেখি। যখন একা থাকি সময় পেলে একটু গুগল আর্থে ঢুঁ মারি আর সৃত্মি রোমন্হন করি, অনেকটা জাবর কাটার মত। খুঁজে খুঁজে দেখি আমার সেই হারিয়ে যাওয়া দিন গুলো। কোন বাসায় থাকতাম, কোন পথ দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, বিকালবেলা স্কুলের মাঠের কোন জায়গায় বসে আড্ডা দিতাম ইত্যাদি। অনেক অনেক সৃত্মি মনে পড়ে যায়।
মনে হয় যেন চোখ বন্ধ করে মনের এলবামের পাতা উল্টাচ্ছি। আমি খুবই নষ্টালজিয়ায় ভুগি তখন। মনে থাকেনা আমার এখনকার কথা। মনে থাকেনা যে সেই সময় থেকে কতদুরে আমি আজ! যেখানে চাইলেও আর ফিরে যেতে পারবো না।
গুগল আর্থের ঝাপসা ছবিতেও আমি আমার ঝকঝকে শৈশবকে দেখতে পাই। এখনও আমি স্কুলের ছুটির ঘন্টা বাজার শব্দ শুনতে পাই। ঘন্টার সাথে সাথেই ছাত্র-ছাত্রীদের চিৎকার করে স্কুল থেকে বের হওয়ার দৃশ্য দেখতে পাই। এখনও স্পষ্ট দেখতে পাই একটা সিগারেট খাওয়ার জন্য বন্ধুদের সাথে লুকিয়ে কত লম্বা পথ পাড়ি দিতাম। সেই পথটা এখনও তেমনি আছে। শুধু আমি নাই, আর সেই সময় নেই!
আজ থেকে অনেক বছর পরে হয়ত এই গুগল ম্যাপ থাকবে আর সেই সাথে আমার মধ্যে হয়ত অনেক পরিবর্তন আসবে কিন্তু আমার সেই শৈশবের দিন গুলোর তো কোন পরিবর্তন হবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


