বন্ধু, আমার জানে জিগার দোস্ত, আজ তোকে বড্ড বেশি মনে পড়ছে। কতদিন আমাদের মধ্যে কোন যোগাযোগ নেই, নেই কোন দেখা-সাক্ষাত! সামান্য একটা ভুল বোঝাবোঝিকে কেন্দ্র করে আমাদের সম্পর্কে এরকম ফাটল ধরেছে, ভাবতেই অবাক লাগে! আজ আমার জেমসের গানটা খুব মনে পড়ছে।
কিছু ভুল ছিল তোমার, কিছু আমার
তুমি করনি স্বীকার বন্ধু, আমি করেছি.............
আচ্ছা, তুই কি আমাকে ছেড়ে সত্যিই ভাল আছিস? আমার কেমন যেন সন্দেহ হয়। আমার সবসময়ই মনে হয় তুইও আমাকে খুব মিস করছিস। যেমনটা আমি প্রতি মুহূর্তে করছি তোকে। যদিও আমি মনেপ্রাণে চাই, তুই যেন সব সময় ভাল থাকতে পারিস।
তোর সম্পর্কে কিছুদিন আগে কিছু কথা শুনছিলাম। তুই নাকি বখাটে হয়ে যাচ্ছিস। মেয়েদের ডিস্টার্ব করিস, পথ আটকে দিস। গাজা, পুরিয়া এগুলো ছাড়া নাকি তোর দিনই চলেনা। কিন্তু তুই তো এরকম ছিলিনা। তোর মধ্যে সব সময় একটা উচ্চমার্গীয় নৈতিকতা বিরাজ করত। গাজা, পুরিয়া, মেয়েদেরকে বিরক্ত করা এসবকে তো তুই তীব্রভাবে ঘৃণা করতি। কিন্তু কীভাবে তোর মধ্যে এই আমূল পরিবর্তন ঘটল?! আমি এ প্রশ্নের উত্তর খুজেঁ পাইনা।
তুই কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাসনি। অথচ তু্ই খুবই ভাল ছাত্র ছিলি। তুই কোথাও ভর্তির সুযোগ পাসনি, এটা তো আমি কল্পনাতেও ভাবিনি। তুই নাকি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিস। অথচ ক্লাশ করিসনা। সারাদিন কোথায় কোথায় নাকি ঘুরে বেড়াস। কতগুলো বাজে বন্ধু জুটিয়ে নিয়েছিস। তাদের সাথে তোর অস্বাভাবিক রকমের সখ্য।
তুই তোর বাবা-মায়ের বড় সন্তান, খুবই আদরের। আজ পর্যন্ত আমার জানামতে তোর কোন আবদার বা আকাঙ্খা তারা অপূর্ণ রাখেননি। তুই যখন যা চেয়েছিস, তাই তোর বাবা-মা দিয়েছেন। এই অপূর্ণ না রাখাই কি তাদের অপরাধ? তা না হলে, কেন তুই তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছিস? তোর জন্য তারা প্রতিটা মুহূর্ত প্রচন্ড মানসিক কষ্টে ভোগে। তুই কি এগুলো বুঝিসনা? তোর মধ্যে কি মনুষ্যত্বের মৃত্য ঘটেছে? তোর মধ্যে কি কোন কমন সেন্স কাজ করেনা?
এভাবে নিজের জীবনটা ধ্বংস করার কোন অর্থ আছে? জীবনটা খু্বই উপভোগ্য, চমৎকার। অথচ এই উপভোগ্য জীবনটাকে তুই দিনদিন নরক বানিয়ে ফেলছিস। সেই সাথে তোর পরিবারের জীবনটাকে নরকে রূপান্তরিত করছিস।
তোর মধ্যে কি কোন পরিবর্তন আসবে না? তুই কি তোর এই ভুলগুলো বুঝতে পারছিসনা? তুই কি এভাবেই চলবি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

