তোমার পরিহিত পোশাকের মতোই নিবিড় ঘনিষ্ঠ
রুপালী অথবা মিশমিশে কালো চাদরে ঢাকা রাত্রি,
রাত্রি জানে তোমার বেদনার অনুভূতি
যখন উলঙ্গ উল্লোল বুকে টেনে নাও বেগানা পুরুষকে।
কামান্ধ নর দেহের ঘ্রান শরীরে মেখে
রাত্রির পর রাত্রি জেগে,
তুমি নিপূণ দক্ষতার সাথে করে চলেছ
পৃথিবীর প্রাচীন শিল্পের চর্চা।
উন্মত্ত পুরুষ তোমার শরীরে আগুন জ্বালে
তুমি অনিবার কামের আগুনে পোড়ো
ঝলসানো কাবাবের মতো,
লালসার জিহ্বায় পোড়া মাংসের স্বাদ।
হোটেলে, পার্কে, নির্জন কোন বাড়িতে
আবার কখনওবা নিজের ডেরায়,
তুমি পরিবেশিত হচ্ছো ভিন্ন ভিন্ন ডিশে
সুস্বাদু খাবারের মতো।
রাত্রির মাদকতা কেঁটে যায় ভোরের আভায়
ভোরের বিশুদ্ধ বাতাসে বিষের অনুভূতি,
নিধুবনের বিষধরের বিষাক্ত ছোবলে, নীলকন্ঠ
তোমার দু-চোখ মুদে আসে ক্লান্তিতে, শ্রান্তিতে, বিষাদে।
তোমার শরীরে রকমারি গন্ধ যাদের
রাতের আঁধারে যে পুরুষ পতিত তোমার শরীরে
সকালের আলোয় তারা জনৈক ভদ্রলোক।
আর তুমি বেশ্যা, পতিতা, বনিতা আরও কত কি!
না, তুমি বেশ্যা নও, পতিতা, বনিতা কিছুই নও
মানুষ তুমি। অন্য পাঁচ পেশার মানুষের মতো।
মানুষ শুধু মিছেই তোমায় বেশ্যা বলে গালি দেয়
সেই অজ্ঞতার লজ্জা তোমার নয়, মানুষের।
শিল্পী তুমি, কামশিল্পী।
৩০/০৬/০৭
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


