বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালিমন্দির সড়কটির বেহাল দশা
রাজধানীর বাসাবো বিশ্বরোড বৌদ্ধ মন্দির থেকে পূর্বদিকে রাজারবাগ বরদেশ্বরী কালিমাতা মন্দির পর্যন্ত সড়কটির দৈর্ঘ মাত্র ২ কিলোমিটার। এসড়ক দিয়ে প্রতিদিন কদমতলা, মাদারটেক, পূর্ব রাজারবাগ, পশ্চিম রাজারবাগ, শাপলাকানন, কুসুমবাগ, দক্ষিণগাঁও ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। গত একযুগেরও বেশি সময় সড়কটির অবস্থা খুবই করুণ। ছোট বড় খানা খন্দকে ভরা সড়কটি দিয়ে এখন পায়ে হেটে অথবা রিক্সা গাড়িতে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।
গত দশ বছর ধরে শুনে আসছি সড়কটি ৮০ ফিট চওড়া করা হবে। কিন্তু বর্তমানে এ সড়কের কোথাও ১২ফিটের বেশি চওড়া নেই। দুই পাশে দখল হয়ে গেছে। বিপরিত দিক থেকে দুটি গাড়ি এলে সাইট দেয়া যায় না। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলের সময় যে ভোগান্তি পোহাচ্ছে তা বলে শেষ করা যাবে না।
সামনে বর্ষা মৌসুম। বর্ষায় এক পশলা বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে আর চলা যাবে না। কাদাপানিতে একাকার হয়ে যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষ আশা করেছিলো সড়কটি সংস্কার হবে। কিন্তু গত বছর নামকাওয়াস্তে সংস্কার করা হলেও তিন মাসের মধ্যে আবার যেমন ছিলো তেমনই হয়ে গেছে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুদিন আগে বৌদ্ধ মন্দিরে এসেছিলেন। দু:খের বিষয় আপনি কালিমন্দিরে এলেন না। আপনার বৌদ্ধ মন্দিরে আগমন উপলক্ষে বিশ্বরোড থেকে কয়েকগজ সড়ক এমন সুন্দরভাবে কার্পেটিং করা হলো যেন আপনি দেখে মনে করেন পুরো সড়কটিই যেন এমন সুন্দর। এই এলাকার মানুষ খুব ভালো আছে। আপনি যেদিন এলেন সেদিন কদমতলা মোড় থেকে সকল যানবাহন বাসাবোর দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিলো। বৌদ্ধ মন্দির এলাকা দেখে আপনি মনে করেছেন এত সুন্দর পরিবেশে আপনার দেশের মানুষ বসবাস করে। অথচ আপনারা যারা সরকার প্রধান থাকেন তারা যদি ছদ্দবেশে শহর ঘুরে দেখতেন তাহলে বুঝতেন এই শহরের মানুষ কিভাবে চলাফেরা করে। এই শহরের মানুষের দু:খ দুর্দশার খবর আপনার চারপাশের চাটুকারেরা আপনাদের জানতে দেয় না। ফলে যুগে যুগে দেখা গেছে এক সরকার বার বার নির্বাচিত হতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



