দাদরার জন্য কবিতা
----------------------------------------
বাতির খোলস পরে হেসে হেসে
ডাকে বানিজ্যিক ইমারত
কি- যে তার মোহ আর
মোহিত মানুষগুলোর মিছিল।
আমি থাকি অনেক ব্যবধান গড়ে
-----------------------------দূরে
যান্ত্রিক কুন্ডুলীতে তোকে
বশ করবার ইচ্ছে নেই।
খুব বেশী দিন নেই আর--
সুতোর শরীরে মেখে দেব রক্তাভ মাঞ্জা
ভাতের আঠায় কাগজের ঘুরি
বায়না করেছি নীলাকাশ,
ইজারা নিয়েছি ধুলোপথ।
গোলিয়ার থেকে কিনে দেব
সাদা গাই- স্বর্নালী হরিন
কুয়াশায় ভেজা সাদা কাশ
বিকেল ভাসানো খাল-
খালের পারে শামুক- শামুকের বাঁশী
উঠোনের ফিঙ্গে, ঘাষফুলের প'রে ঘাষফড়িং
অগনিত ফুল-প্রজাপতি-রূপকথা
তিরিশ লক্ষ খসে পরা তারা
সব তোকেই দেব।
খুব বেশী দিন নেই আর
দেহজ ছায়ার চাদরে দেহ এলাই
চাঁদের জলে চোখ ভেজাই
ফোঁটা ফোঁটা জল জমে বুকের কুয়ায়
সব তোর-ই জন্যে-
জেগে থাকি প্রতীক্ষার ইনসোমনিয়ায়।।
-------------------------------------------
আল্লাইয়ার
[উৎসর্গঃ আমার দাদরা মনিকে]
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


