শৈশব কথিকা-২
গোধূলী সংগীত
----------------------------------
নীল আকাশের গ্রীবায় ঈষৎ লালের ছটা
কালো মখমলে সূর্যকে উধাও করে দিবেন
একজন যাদুকর একটু পরেই----
পাখীগুলো যতই বাউন্ডুলে হোক না কেন
ফিবোনাচি এল্গোরিদমে সুদীর্ঘ উড়া,
শীতসঙ্গমে ভিজে যায় ঘাসেরা-পাতারা
গোধূলীর রঙ চোখে বাড়ীমুখো দ্রুত মানুষ--বাতাসে উড়ে লুঙ্গি বেলুন
লন্ঠনে নতুন শলতে, পাড়ার বউদের কেরোসিন ভেজা আঙ্গুল
মুচরে দেয় পুরোন শাড়ীর নরম আঁচল
কলতলা, পুকুরঘাটে বাধ্য বালক-বালিকারা
ধুয়ে ফেলে দিনের গোল্লাছুট আর বউচির রঙ
নাটাই হাতে সেই এগারো কি বারো বছরের আমি
হিম হয়ে আসা সুনশান মাঠের একাকিত্বে
সময়কে ঐখানেই বেঁধে রাখতে চেয়েছিলাম লাল ঘুড়িতে।
-----------------------------------------------
আল্লাইয়ার
[আমার খুচরা এক অনুকবিতা থেকে নতুন করে লিখা]
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


