কালোরঙ্গা ইনসোমনিয়া
-----------------------------------------------------
পাহাড়ে ভ্রূণহত্যা হয়না
সুদীর্ঘশীতের বরফের চাক ভেঙ্গে ঝর্ণারাও ছলাৎছলাৎ কাহারবায় সঙ্গমের গান শুনায় পরাগরেণুর ডিঙ্গিভাসে বাতাসে এইখানে বেহুলার নিশ্ছিদ্র ঘর নাই--মনসার বিষ নাই এবং সঙ্গমের পাশে শুয়ে থাকেনা ভুলেরা।
পাহাড়িগাছের শরীরে পানপাতা বিষয়ক যোগাঙ্ক কষে-কষে বড় হয়ে যায় বালক-বালিকারা। আগুন জ্বালাতে শেখে গেলেই শুকনোপাতার শিয়রে ভেজে কালোবনের রাত।
আমাদের পানপাতার শরীরের যোগাঙ্কে ভুল; সঙ্গমের পাশে খিলখিলিয়ে হাসে ভুল সময়।
ডাক্তার আমাদের একটু সময় দাও
আমরা বোকা পাহাড়ি পথ ধরে এসেছি
ডাক্তার সবুর করো
আমাকে ভাবতে দাও চতুর হতে দাও
তোমার স্বচ্ছ যুক্তির পাশে চোখের জল
মুখোমুখি জলের বিলাপে আবেগী নাও ভাসে সে নাওয়ে আমি কারো শিশু
গাল বেয়েবেয়ে উপচে পরা দুধে ভিজে তার পুরোন শাড়ি
তার ভেতরের পাখি আকাশে উড়াল দিলে কেউ এসে আমার গাল মুছে দেয়
দুধগন্ধ শাড়ি দিয়ে আমরা সবাই আকাশের জরায়ুতে ঝুলছি
ডাক্তার আমার আবেগী নাও ভাসে আমি বিয়োগাঙ্ক বুঝিনা
এবং
নিশ্চয়ই তুমি একজন ভ্রূণহত্যাকারী চতুর শহুরে লোক চাও
------------------------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


