ব্যবসায়ীরা কি আসলে ভাল রাজনীতিবিদ হতে পারে ? দেখুন তো ইউনুস সাহেবের ব্যাপারটা ? দেশপ্রেম থাকলে কি কারো ভরসা, আশ্বাস, দলে যোগ দেয়া না দেয়াটা ইউনুস সাহেবকে রাজনীতি করা থেকে আটকাতে পারত ? সম্ভব ? আমার দেশ রসাতলে যাবে, সেটা বুঝব, বুক ফুলিয়ে বলব, ধনুকবাঁকা পণ করব দেশ উদ্ধারের আবার কারা আমার সাথে আসেনি বলে আমি দুঃখ প্রকাশ করে 'রাজনীতি' থেকে সরে যাব ? এরা কি আমাদের গাধা মনে করল নাকি !
যখন গ্রামীণ ব্যাংকের ব্যবসা শুরু করেছিলেন তখন তো একাই ছিলেন সবাই তো আপনার ধারনাকে অবাস্তব বলেছিল - সরে যাননি কেন তখন ? একটু খোলাসা করে বলবেন ব্যবসার কোন হিসাবটা মিলল না বলে 'রাজনীতি' থেকে সরে পড়লেন ? রাজনীতিতে 'পলিটিক্স' জমল না বলে ?
আমার একটা লেখায় কিছুদিন আগেই বলেছিলাম - হাসিনা খালেদার বিকল্প ইউনুস না - এত তাড়াতাড়ি সেটা মিলে যাবে ভাবতে পারিনি । ওই দুইজন অন্ততঃ এখনো 'লড়াই' করছে - তা সে যে দর্শনেরই ধ্বজাধারী হোক না কেন - আমি তাদেরকে ইউনুসের চেয়ে বেশী নম্বর দেব । সম্পূর্ণ প্রতিকূল পরিবেশেও তারা তাদের স্থান থেকে প্রতিবাদ করছে - অথচ পাশে নাই কেউ ! দলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, সরকার - সবার চোখ সন্দেহে ভরা, তারপরও তারা কথা বলছে ।
আর দেখুন ইউনুসকে ! সরকারের 'ব্যাক আপ', অন্য দলের কিছু 'চরিত্র'দের আশ্বাস, এমনকি আওয়ামী লিগ-বিএনপির পক্ষ থেকে সরাসরি বলাও হল "স্বাগতম", সবার উপরে জনগণ তার সাথে আছে এমনি দাবীই তার, অথচ......আসলেই কী কারন বলুন তো ইউনুস সাহেব ? এই ভন্ডামি না করলেই হত না ? বিশ্বাসে এতবড় আঘাত দেওয়ার পর তার অনুসারীরা কি বলবেন এখন ? মাথায় করে রাখবেন এখনো? মাফ করে দেবেন ? চলুন আমরাও হাসিনা-খালেদাদের মাফ করে দেই । কি বলেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



