এই কয়েকদিন আগে এক রাতে - বলা যায় মধ্যবয়সী রাতে, মধ্যবয়স্ক চাঁদ আমাদের তিনজনকে ধুয়ে দিচ্ছিল। তিনজন - আমি, আমার স্ত্রী আর আমাদের নয় মাসের সন্তান - আমাদের ছেলে। ওর চুলের মত নরম জোত্স্নায় আমরা ভিজছিলাম। ওরা দুজন তখন গভীর ঘুমে অচেতন। অপূর্ব দৃশ্য - মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতই - ছিলামও। কেন জানি না হঠাত মন জুড়ে শুধু মনে হতে লাগল -একদিন ছুটি হবে-বেলা যে ফুরায়ে যায়....।
কী অপূর্ব ফাঁদে, মায়ায় অসাধারণ বন্ধনে বেঁধে রেখেছে সৃষ্টিকর্তা আমাদের! স্কুলে যাবার আগে মনে হত কখন স্কুল যাব, যখন স্কুল শেষ হল তখন কলেজ টানল, তারপর বিশ্ববিদ্যালয়, প্রেম, চাকরী, উন্নতি, প্রমোশন, বিয়ে, সংসার, সন্তান...series of mysteries - পিছনে অন্য ঘটনা ঘটেই চলেছে। তিলে তিলে। আমি ছুটে যাচ্ছি কোন্ ঠিকানায় কে জানে। ঠিকানা অজানা সবার! অথচ গন্তব্য অবশ্যম্ভাবি। সবার জন্য অবধারিত। এসব চিন্তার মধ্যেই এক সময় ঘুমে জড়িয়ে আসে চোখ। ঢলে পড়ি ঘুমের বুকে। ঘুম থেকে উঠে শুরু হয় আর একটি নতুন দিন, আবার মায়া। আবার বেঁচে থাকা। স্বপ্ন নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

