যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে
কি হবে, কী হবে!
দূরপথে ঘুরে ঘুরে ঢের নদীবন
খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন
এখনো দেখিনি তাকে দেখিনি, এখন
যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে
কি হবে, কী হবে!
সে-ও চলে যেতে পারে, যদি যায় তবে
কি হবে, কী হবে!
এই যে চোখের আলো, ব্যথাবেদনার
আগুনে রেখেছি তাকে জ্বেলে আমি, তার
দেখা পাওয়া যাবে, তাই! সে যদি আবার
চলে যায়, চোখভরা আলো নিয়ে তবে
কি হবে, কী হবে!
কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের
থেকেও যে প্রিয়তম, তাকে। সারাদিন
কথা মনে ছিলো কোনো মায়াবী গানের,
সুর খুঁজে পেয়ে তার বিষাদমলিন
কথাগুলি যদি ফের ভুলে যাই তবে
কি হবে, কী হবে!
-নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কবি পরিচিতিঃ
১৯ অক্টোবর ১৯২৪ সালে ফরিদপুর জেলায় জন্ম। নীল নির্জন, অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, কলকাতার যীশু ইত্যাদি বহু কবিতাগ্রন্থ রচনা করেছেন। এ ছাড়া ছন্দ সম্পর্কে তার বই আছে। ১৯৭৪ সালে 'উলঙ্গ রাজা' কাব্যগ্রন্থের জন্য আকাদেমী পুরস্কার পেয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


