মেঘজল ভেঙ্গে যায় পানকৌড়ির কুসুমদেহে
জলগর্ভা নারীর গভীর কালো চোখে নাচে
মধুবর্ষী আকাশের নীল রঙ।
জলোচোখ তাকায় সহসায়
পেঁজা তুলোর কোমল দৃষ্টি দিয়ে দুরপানে
চুপ চুপ ডুব দেয়া জলপাখি পায়েল ছিঁড়ে।
জাগরী-ছোঁয়া-পিয়াসি করে যায় খরা
বিক্ষত পদ্মদিঘীর শিরশির হাওয়া দেয়
শূণ্যতার একরাশ বিমূর্ত হাহাকার ।
তপস্বী মেঘ তবু ধ্যানমগ্ন দেয়াল
লক্ষীপেঁচার ঘোলাটে রোদ্দুর পথ চায়
ফিরে আসে সাদা বকের মিছিল।
কলাপাতার রং জুড়ে থাকে শালিক, পিউ পিউ
একা বৃষ্টিক্লান্ত হতে চায় কালো শকুনি
কৃষকের পায়ের ঘ্রাণ নিয়ে মরে যায় পিঁপড়ারা।
মাটির শীতলপত্রে ক্লান্ত হয়ে
লিখে রাখে নোঙরপথ কলমীর ডগা।
হে প্রিয়তম স্বদেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

