আমার প্রিয় পোস্ট

সুমন প্রবাহনের আরো দুটি কবিতা

২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৪

শেয়ারঃ
0 0 0

আগুন ভাগ্য

কুয়াশা যাপিত জোছনায়
সবুজের অন্ধকার পাহাড়া দু'পাশে।
সাথে ঝাকেঝাকে বাতাসের আপ্যায়ন
মাঝখানে আমি পথ,পথে-
নিকোটিন আহবানে সিগারেট নিই
বারেবারে জ্বালাতে নিয়েও জ্বলছে না
ভাবছি-
দিয়াশলাইয়ের প্রথম কাঠিতে আগুন জ্বলে ক'জনার।

(সুমন প্রবাহনের এ কবিতাটি লাস্টবেন্চ ১১৫ তে প্রকাশিত হয় ২০০১ সালে)

আওয়াজ

উপুড় হয়ে কান পাতি পেতে রাখি
পৃথিবী গোলকে
মাটির পাজর চিরে আসে ওঁম
ওঁম ফেটে বেরিয়ে পড়ে শিবের গোঙানী।
কে তুমি ধ্বংস সাজাও!
কে তুমি মিথ্যে প্রহসনে!

শিকারী কার্তুজে ডাল থেকে খসে পড়ে
হলুদ পাখির আত্না
বুঝি আত্নার বেদনা ভর করে।
উপত্যকা ঘিরে নামে মৃত্যুঢোড়া সাপ
কাফন ডানার চাদর মেলে দেয় প্রতের শাসন
দাঁত খিঁচিয়ে ওঠে গুটিকয় রক্তচোষা বাদুরভাম
ঝকমারী আলোর অশ্লীলতায়
চোখ ফেটে রক্ত বইতে থাকে
কে?
কেউ নও কারো নই!
নিজের ঘরে নিজেই কবর খুড়ি
শুয়ে পড়ি কবরের হা-এ
আমায় ঘিরে উৎসব নাচায় মৃত কংকালেরা
চোখে চোখ রেখে পায়ে পায়ে আমিও নাচি
আর হঠাৎ বেরিয়ে পড়ি কবর ফেটে
দেখো নখ গজিয়েছে দেখো দাঁত
কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছোঁ
যে আমাকে ছোঁয় মৃত্যু তাকে ছোঁবে।

(সুমনের এ কবিতাটি ২০০৫ সালের ফেব্রুয়ারীতে কংক্রীট পত্রিকায় ছাপা হয়েছিলো)

সুমনের আরো কিছু কবিতা পড়তে-এখানে দেখুন


যারা এখনো জানেন না যে সুমন আমাদের মাঝে আর নেই তারা এখানে দেখুন

আগামী শুক্রবার ২৫এপ্রিল কবি সুমন প্রবাহন ও সুমন প্রবাহনের কবিতা ও তার লেখালেখি স্মরণে আমরা একটি ছোটখাট অনুস্ঠানের আয়োজন করেছি।অনুস্ঠানে সুমনের কবিতাপাঠ করবে সুমনের শুভানুধ্যায়ী কবিবন্ধু সকল।যেহেতু শিল্পের সকল মাধ্যমেই সকল শিল্পী সমানভাবে নিজেকে ও তার পরিপার্শ্বকে তুলে ধরে তাই ইনস্টলেশন ও গানের অনুস্ঠান থাকবে।

আপনারা সকলে আমন্ত্রিত।সকলেই আসুন।

স্হান-
ছবির হাট,মোল্লার দোকানের পাশে।ঢাকা চারুকলার গেটের বিপরীতে,সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ।শাহবাগ ঢাকা।
সময়-আগামী শুক্রবার ২৫এপ্রিল।দুপুর ৩ টা থেকে রাত ৯টা
সূচী
স্মৃতিচারণ।
সুমনের কবিতাপাঠ-পাঠ করবে সুমনের কবিবন্ধুরা।
আর্ট ইনস্টলেশন-করবে পলাশ,আলমগীর মাফি,জুনায়েদ মোস্তফা,লুবনা চর্যা,রিংকন শিকদার।
গান পরিবেশন-সুমন প্রবাহনের বন্ধুরা-
কফিল আহমেদ,মনোসরণি,কৃষ্নকলি,আবিদা,পুনম,রাহুল আনন্দ,কনক আদিত্য,মোহিন জয়েসের দল।

 

প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৮
কৌশিক বলেছেন: কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছোঁ
যে আমাকে ছোঁয় মৃত্যু তাকে ছোঁবে


ভয়ে আছি।
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আমারও।

২. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩২
মুজিব মেহদী বলেছেন: বাহ, ভালো আয়োজন। আসছি সম্ভবত।
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: সম্ভবত বললে মানবো না মুজিব ভাই,আসতেই হবে।

৩. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫২
অন্তিম বলেছেন: আমার ও আসতে খুব ইচ্ছা হচ্ছে।
৪. ২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৯
সফেদ ফরাজী...... বলেছেন: সুমনের সঙ্গে আমার পরিচয় হয় ২০০১ সালের বইমেলায়। ওইবারই কালশুদ্ধি নামে একটি ছোটকাগজ সম্পাদনা করেছিলাম ময়মনসিংহের গফরগাঁও থেকে। সুমন প্রবাহন, মুয়ীয কবন্ধ, নৃপ অনুপ, বিবৃতি তানভীর, রাকিবুল হক ইবন এমতো কালনেত্র গ্রুপের আরও কার কার যেন লেখা- ওই কালশুদ্ধিতে সেবার ছেপেছিলাম। অবশ্য লেখাগুলো পেয়েছিলাম মুজিব মেহদী (মুজিব ভাই)'র মাধ্যমে। তো মেলায় কালশুদ্ধি নিয়ে এলে কবিবন্ধু নির্লিপ্ত নয়নই আমার সঙ্গে সুমনের পরিচয় করিয়ে দেয়। এবং চা-বিড়ি পান ও আড্ডা চলে আমাদের। তারপর আবার দেখা হয় ২০০২ বা ২০০৩-এর বইমেলায়। এবং পরবর্তীতে ২০০৪ সাল থেকে ২০০৮ সালের ভেতর ২-৩বার ওর সঙ্গে আমার কথা বা আড্ডা হয়েছে। খুব বেশি স্মৃতি বা সখ্যতা ওর সঙ্গে আমার জীবনে ঘটেনি। তবু গত ১৯ এপ্রিল যখন নির্লিপ্ত নয়ন ফোন করে আমাকে সুমনের আত্মহত্যার সংবাদটি জানাল, আমার বুকের ভেতর কেন জানি একটা ভাংচুরের আওয়াজ টের পেলাম। সুমন আমার কে হয়? ওর জন্য কেন আমার এত খারাপ লাগছে? বারবার নিজেকে প্রশ্ন করলাম। কিন্তু কোনো সঠিক উত্তর পেলাম না। পরে ভাবলাম- হয়তো আমরা যারা সাহিত্য করি, সাহিত্যকে ভালোবাসি- তারা পরস্পরের সঙ্গে পরস্পর রক্তের সম্পর্কের চেয়েও বেশি করে কোথাও বুঝি জড়িয়ে আছি নিজেদের অগোচরেই।
২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা,প্রাথমিক শোক কাটিয়ে এবার বুঝতে পারছি যে সুমন আর কোনোদিন আমাদের সাথে কবিতার জমজমাট আড্ডায় করবেনা প্রবেশ,কস্ট লাগছে।

কি বলবো বুঝতে পারছিনা সত্যিই।

ভালো থাকুন সফেদ ফরাজী।

৫. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৩
পজিটিভ বলেছেন: আপনাদের সভা কেমন হল প্লিজ জানিয়েন !
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: সুমন স্মরণসভা খুবই চমৎকার হয়েছে।আগামীকাল কিছু ছবি হাতে পাব,তারপর এ নিয়ে একটা পোস্ট দেব।

৬. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৯
মাজুল হাসান বলেছেন: দিয়াশলাইয়ের প্রথম কাঠিতে আগুন জ্বলে ক'জনার।

এইটা আপনি আবৃত্তি করছিলেন শোক অনুষ্ঠানে, তাই না?

কি খবর?
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: হ্যা,এটাই আমি অনুস্ঠানে আবৃত্তি করেছিলাম যদিও আমি আবৃত্তি কখনোই করিনি।আসলে সুমনের কবিতাগুলো তার সময়ের কবিবন্ধুদের দিয়ে আবৃত্তি করানোই ছিলো উদ্দেশ্য।এ সেকশনে দায়িত্বে ছিলো লুবনা চর্যা,আপনাকে দিয়েও আবৃত্তি করাতে পারলে ভালো হতো।কিন্তু অনুস্ঠান নিয়ে এত ব্যস্ত ছিলাম যে অন্যকিছু নিয়ে ভাবার চান্স পাইনি।

আমি গতকাল থেকে প্রচন্ড ক্লান্ত ছিলাম,সারাদিন বলা যায় রেস্ট নিয়েছি।এ নিয়ে একটা পোস্ট দেব ভেবেছিলাম কিন্তু ছবিগুলো এখনো হাতে পাইনি।

এমনিতে ভালোই আছি,আপনি কেমন?

৭. ২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৮
পজিটিভ বলেছেন: আপনার পোস্ট আর ছবিগুলার জন্য ও্য়েট করছি।

 

মোট সময় লেগেছে ০.৯৯৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ