এইসব মিলমিশ
ভেবে নেয়া ভাবনাগুলো
মুড়মুড় করে গুঁড়ো গুঁড়ো হয়
যেনো এমনই গুড়ি গুড়ি বৃষ্টি হবার কথা ছিলো
আবহাওয়ার পূর্বাভাস ছিলো
নাস্তার টেবিলে আসতে পারে সূর্য স্বয়ং
জোতিষের বাণীতে ছিলো
প্রেম
এমনকী গতরাতে বিকল সেতারেও সুর উঠেছিলো
হবে
আর আমিও হতে চেয়েছিলাম কারো কারো...
হতে হতে এমন অনেক কিছুই হয় না
যেমন মুখোমুখিও পরস্পরকে চিনতে পারেনি
যমজ যন্ত্রণা- বহুবার এমন হয়েছে যে
রাতজাগা চোখ ঘুমের কাছে অন্ধ সেজে বসে ছিলো
আর এভাবেই
এসে চলে গেছে গন্তব্য
যারা তোমরা পথের সাথে কথা বলো রাতদিন
অথবা পথই যাদের পায়ে পায়ে ঘোরে
জেনে রেখো এইসব মিলমিশ-
ছেড়েছুড়ে তার চে' বেশি দূরও যাওয়া যেতে পারে...
১২/১১/০৮
মহাখালি, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

