পাশের তিন তলার ছাদে কারা যেন গল্প করছে। গল্প কারার মতই রাত। একটু আগে বৃষ্টি হয়ে এখন আকাশ পরিষ্কার, সাথে ঠান্ডা বাতাস। এক কাপ চা, কিছু মুড়ি মাখা আর এক জন আড্ডা মারার সঙ্গীর অভাব বোধ করতাম খুব, যদি না আজ রাতে ঘুমানোর তাড়া থাকতো আর কাল সারাদিন ট্যুর।
একটা দীর্ঘস্বাস ফেলে আসার আগে শেষ বার তাকাই আধটুকরো চাঁদটার দিকে। পরিষ্কার রাতের আকাশের রং যে গাঢ় কালো হয়না আজ দেখলাম, কেমন যেন এক মায়াময় কালচে নীল। আর তার উপর রূপালী চাঁদটা। এক অপার্থিব সৌন্দর্য।
পাশের রাস্তায় জারুল গাছের পাতার সাথে সোডিয়াম বাতির লুকোচুরি আর আমার বারান্দার পেয়ারা পাতার সাথে জ্যোৎস্নার লুকোচুরি কেমন যেন অপ্রতিসম সমন্বয়ে তীব্র আকর্ষণ তৈরি করে আমার ভেতর। সুন্দর লাগে আমার কাছে, নিঃশ্বাস আটকে আসার মতন সুন্দর।
দমবন্ধ করেই যেন দাঁড়িয়ে থাকি কিছু সময়, সময়ও যেন দাঁড়ায় এসে আমার পাশে। মোবাইলের রিংটোন ব্যস্ত বাস্তবতায় ফেরত আনার আগের সময়টুক। শেষ বারের মত শেষবার আমি চোখ বুলিয়ে নেই আমার বারান্দায়। চাঁদ আর বাতাসকে বিদায় জানিয়ে ফিরে আসি আমার যাপিত জীবনের ব্যস্ততায়।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


