কুমারীকাব্য
এতকাল ছিলে পুরুষের বাহুতলে
এখন গিয়েছো জলে একা একা, কুমারী বেদনা ভার
দু’টি হাত ঊর্ধ্বমুখে দেবী, মিশে আছো
ফুলে আর জলে
অনেক উদরে লাল রক্তজবা, শিরায় শিরায়
নীলকণ্ঠ লতা
গভীর বিস্ময়ে ঋতু গলে আসে শরীরে শরীরে
বিষ ভরে যায় জ্ঞানে আর পাপে
আরক্ত লবঙ্গঘ্রাণে স্তনবৃন্তফুল ঘিরে আছে
কালো রঙধনু, তুমি মিশে আছো জলে
বাসর পেতেছো শিউলিশয্যাতে এতকাল
এখন বেগুনি ফুল কচুরির সবুজাভা
ভেসে আছো নাভিমূলে পদ্ম নিয়ে
কাঁঠালিচাঁপার মতো যোনিমুখ খুলে আছো
দু’হাতে চালতা ফুল, আঠালো ডুমুর শাখা
ছুঁয়ে আছে আঙুরলতার মতো কেশগুচ্ছসভা
এইভাবে মিশে আছো কুমারী বেদনা
জলে আর ফুলে
কুমারী বেদনা ভার, ফুলে আর জলে।
..........
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



