আমার প্রিয় পোস্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

দুর্দিনের ছোটগল্প: ভালোবাসা ও নুন ঝালের দিনগুলো

০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৬

শেয়ারঃ
0 0 0

কাঠফাটা রোদে দর দর করে ঘামতে ঘামতে বাড়ী ফিরলেন মাজেজুল আলম। রাস্তার ময়লা, মানুষ, ড্রেন, খানাখন্দ পেরিয়ে এতটা পথ হাঁটতে দম বেরিয়ে যায়। তারপরও আসা যাওয়ার ভাড়া মিলিয়ে বাসভাড়ার সাত টাকা বাঁচানো এই দুর্দিনে যে কতোটা জরুরী, সেটা কে বুঝবে? বাড়ীর কাছাকাছি এসে পা আর চলতে চাইছিল না। কোনক্রমে টেনে হিঁচড়ে বাকী পথটুকু পার করলেন। দরদর করে ঘাম ঝরছে মাথা আর শরীর বেয়ে। বউ সামিনা বেগম একটি পাখা আর এক গ্লাস পানি নিয়ে দৌড়ে এলেন। পাখার বাতাসে একটু ঠান্ডা হয়ে পানিটুকু মুখে দিয়ে যেন একটু দম ফিরে পেলেন মাজেজুল আলম।

- বাসে ভীড় ছিল বেশী? জানতে চাইলেন সামিনা।
- হ্যা! সংক্ষেপে উত্তর দিলেন মাজেজ।
- সেজন্যে দেরী হলো?
- হ্যা, একটা বাসে উঠতে পারিনি। পরেরটায় উঠেছি।
- এত কষ্ট! একটা রিকশা করে চলে আসতে?

কোন উত্তর দিলেন না মাজেজ। বুক ফেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইছিল। সেটাও চেপে রাখলেন। দশ বছরের ছেলে মৃদুল আর মেয়ে সাত বছরের মালা একটু দুরে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়েছিল। বাবার এই অবস্থা দেখে কাছে আসতেও সাহস পাচ্ছিল না। একটু সুস্থির হয়ে এদের দিকে ইশারা করতেই এগিয়ে এলো তারা। এই গরমের মাঝেও ওদের শরীরের উত্তাপে আত্মার ভেতরে এক শীতল শান্তি অনুভব করলেন মাজেজুল আলম।

খাবার ঘরে গিয়ে দেখেন, আগে থেকেই সাজিয়ে রেখেছেন সামিনা। শরীরে রাজ্যের ক্লান্তি আর পেটে জলন্ত ক্ষিদে। দ্রুত মুখহাত ধুয়েই খেতে বসলেন।

খাবার মুখে তুলেই চেহারা বিকৃত করলেন মাজেজ। নুনে, ঝালে একাকার! সামিনা কিছুটা ঝাল ভালবাসলেও বাবা ও ছেলে মেয়ে কেউই ঝাল খেতে চায়না। তাই এবাড়ীতে কম ঝালেই রান্না হয় সচরাচর। আজ ও এমন করলো কেন? মেজাজ খারাপ করে মুখের দিকে তাকাতেই মুখ নামিয়ে ফেললেন সামিনা। কিন্তু তার চোখের দৃষ্টিতে এমন কিছু দেখলেন, যে চুপ করে যেতে বাধ্য হলেন মাজেজ। রোজকারের চেয়ে প্রায় অর্ধেক ভাত খেয়ে হাত ধুয়ে উঠে গেলেন খাওয়া ছেড়ে।

রাতে ঘুমোতে গিয়ে মশারী তুলে বিছানায় ঢুকে দেখেন অন্য দিকে মুখ ঘুরিয়ে চুপচাপ শুয়ে আছেন সামিনা। ছেলে মেয়ে তখন গভীর ঘুমে মগ্ন। খুব আস্তে, আদরে স্ত্রীর পিঠে হাত রাখলেন মাজেজ। শরীরটা কেঁপে উঠলো যেন। কাঁদছে কি সামিনা? স্ত্রীকে নিজের দিকে ঘোরাতে আকর্ষন করলেন। সামিনা কোন বাঁধা না দিয়ে ঘুরলেন স্বামীর দিকে। কিন্তু হাত দুটোয় চোখ ঢাকা। সামিনা কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে।

- সামিনা সোনা, সামিনা সোনা, তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? নরম আদরে স্ত্রীকে জড়িয়ে বললেন মাজেজ।
উত্তরে আরো জোরে কেঁদে উঠলেন সামিনা। কান্নার দমকে কেঁপে উঠল তার বাড়ন্ত শরীর। আবারো আদরে সামিনা সোনা বলে ডেকে ডেকে তার মাথায়, চুলে হাত বুলিয়ে দিলেন মাজেজ। এতে মনে হলো কিছুটা শান্ত হলেন সামিনা।
- তুমি আজ কিছুই খেতে পারোনি। নুন, ঝাল এতো বেশী ছিল! বলেই আবার কেঁদে উঠলেন সামিনা।
- তাতে কি হয়েছে? এজন্যে কি কেউ কাঁদে নাকি সামিনা সোনা, লক্ষী বউ আমার। কাল ঠিক করে রাঁধলেই তো হলো। বলেই স্ত্রীকে ঘন করে কাছে টানলেন মাজেজ।

কিন্তু শরীর শক্ত করে দুরেই রইলেন সামিনা। আবারও টপ টপ করে জল গড়িয়ে পড়লো চোখের কোল বেয়ে। কাঁদতে কাঁদতেই বললেন,
- কালও রান্না এমনই হবে। নুন, ঝাল বেশীই থাকবে।
- কেন? একটু অবাক হয়ে প্রশ্ন করলেন মাজেজে।
- ঘরে বেশী চাল নেই। মাস খরচের টাকাও শেষ। বাকী এক সপ্তাহ চলবে কি করে জানিনা। নুন, ঝাল বেশী দিলে ছেলেমেয়ে সহ আমরা সবাই একটু কম খাই। তাতে যদি এ সপ্তাহটা চলে!

বলেই আরো জোরে ডুকরে কেঁদে উঠলেন সামিনা। ছেলে মেয়েরাও সে কান্না শুনে জেগে উঠলো। জড়িয়ে ধরলো মা কে । শুধুমাত্র নির্বাক মাজেজুল হক মশারীর ফাঁক দিয়ে উপরের কড়িকাঠের দিকে তাকিয়ে রইলেন।

 

প্রকাশ করা হয়েছে: ছোটগল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩০
gladiator বলেছেন:
পর্লাম , ভালৈছে গল্প। +
২. ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৬
শাওন বলেছেন: খুবই খারাপ লাগল । দেশের অবস্থা কতটুকুযে খারাপ ! ;(

গল্পটা ভালই হয়েছে । প্লাস দিয়েছি ।
৫. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৭
রিফাত হাসান বলেছেন: সত্যিই, এই দুর্দিনের গল্প খুব সুন্দর বলেছেন। ভাষাটা বেশ। তার চেয়েও, ভাবটি যে আমাদের, সবারই আপন, শুধু এই ফরেইন সাপোর্টেড সরকারের ছাড়া।
৭. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০৮
তীরন্দাজ বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ!
৮. ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩২
রন্টি চৌধুরী বলেছেন: অসাধারন গল্পের থিম। এটাকে বড় করে পুর্নগল্প হিসেবে লিখে ফেলুন। ক্লাসিক হবে। আমি মুগ্ধ।
৯. ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৪৩
আইডিয়াল বলেছেন: এখন অনেকটা সেই অবস্থার পথে। চাউল -আটা কোনটাই আর ৩৫-৪০ টাকার নিচে নেই।

 

মোট সময় লেগেছে ০.৯৫০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ