আমার প্রথম প্রেম! .....
'প্রথম প্রেম' না বলে 'প্রথম প্রেমে পড়া' বলা-ই ভাল! একতরফা-তো আর প্রেম হয়না!
বাবার চাকরীর বদলীর সূত্রে আমরা গেছি বাবার নতুন কর্মস্থলে। মফস্বলের এক স্কুলে ক্লাশ এইট-এ ভর্তি হলাম। কো-এডুকেশন স্কুল। গল্পের নায়িকা আমার ক্লাসমেট। ক্লাশের ফাস্ট গার্ল। ভাল ছাত্রী হিসেবে স্কুলে সুনাম আছে তার। গল্পের প্রয়োজনে ধরে নেই... আমাদের গল্পের নায়িকার নাম রুমকী (নামের অদ্যাক্ষর ঠিক রেখেছি)।
ক'দিন পরই হাফ-ইয়ার্লী পরীক্ষা হলো। যথারিতী রুমকী ফাস্ট! আমি হলাম দ্বিতীয়। ভাল ছাত্রী বলে ও-র অহংকার ছিল। ও-কে দোষ দেইনা। সুন্দরী মেয়ে, কো-এডুকেশন স্কুলে ফাস্ট গার্ল হলে ওই-টুকু অহংকারী হবার অধিকার সে পেতেই পারে! দুষ্টু ছেলেদের পাত্তা না দিয়ে বেণী দুলিয়ে সোজা রাস্তায় সে হেঁটে যেতেই পারে! ও-কে দোষ দেইনা !
'রুমকী' আমার প্রথম প্রেমে পড়া, আমার 'ভাললাগা অনুভূতি'র প্রথম কড়া নাড়া ! আমি এলামেলো, আমি উদভ্রান্ত ...... ও-কে দোষ দেইনা।
দু-জনই ক্লাস এইটে স্কলারশীপ পরীক্ষা দিব। ভাল ছাত্র হিসেবে তখন ক্লাশে আমারও একটু-আধটু পরিচিতি হচ্ছে। একদিন ক্লাশে আমার লেখা 'আমার জীবনের লক্ষ্য' রচনা পড়ে স্যার প্রশংসা করলেন। পরদিন-ই রুমকী আবার নতুন করে তাঁর 'জীবনের লক্ষ্য' লিখে এনে স্যারকে দেখালো! .... আমি ও-কে দোষ দেইনা।
ক্লাশে রুমকীর চেয়ে ভাল ফল করবার জন্য আমি উৎসাহী হলাম। একই টিচারের কাছে ব্যাচে প্রাইভেট পড়তাম। রুমকীরা পড়া শেষে বের হলে আমরা ঢুকতাম। চেয়ে থাকতাম .... রুমকীর সাথে চোখা-চোখি হয় কিনা.... ব্যস ওই পর্যন্তই... ও চট্ জলদী চোখ নামিয়ে ফেলতো... ও-কে দোষ দেইনা।
ক্লাশ এইটে স্কলারশীপ পরীক্ষায় আমি ও-র চেয়ে ভাল করলাম। আমার নিজের ধারনার চেয়েও ভাল! আমি হলাম নাটোর জেলা ফাস্ট! রুমকী-ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেল। শুধু রুমকীর জন্যই আমার যত প্রয়াস, আমার এই ভাল করা! আমার স্বপ্নডানা আরও পাখা মেললো, ইচ্ছে ঘুড়িগুলো আকাশ ছুঁয়ে যেন আরও.... আরও উপরে উড়তে লাগলো।
তারপর?.........
রুমকী ক্লাশ নাইনে বোরকা পড়া শুরু করলো।
ক্লাশ টেনের শুরুর দিকে হঠাৎ একদিন আচমকা দুম করে রুমকীর বিয়ে হয়ে গেল। পাত্রপক্ষ দেখতে এসে ........ ওই দিনই চুড়ান্ত!
কাকে দোষ দেব? রুমকীকে? আমি ও-কে কখনও দোষ দেইনি।
তারপর?.......
রুমকী ফাস্ট ডিভিশনে এসএসসি পাশ করেছিল... কিন্তু রুমকী হারিয়ে গেল! .......... আমি ও-কে দোষ দেইনা।
ভাল ছাত্রী 'একজন রুমকী'র আর পড়া হয়নি....
তাঁকে টপকে যাওয়া কোন সহপাঠীর প্রতি হয়তো আর কখনও হিংসে হয়নি...... হয়তো আর মন খারপ হয়নি রচনা লেখা ভাল হয়নি বলে ।... আচ্ছা.... ফাইনালী রুমকী তার 'জীবনের লক্ষ্য' কি লিখেছিল!? কি হতে চেয়েছিল রুমকী এই জীবনে ?!
রুমকীর কি কখনও খুব মন খারাপ হয়? মন খারাপ হলেও কি ও-কে দোষ দেয়া যায় ?! আমি দোষ দেইনা........ কিন্তু রুমকীর জন্য আমার খু-উ-ব মন খারাপ হয়.....
''আজ আমার..... মন খারাপ মেয়ে...
বসে আছি আনমনে... দৃষ্টি উদাস..
তুমি আমায় এনে দিয়েছিলে...
মেঘ হতে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া...
সে হাওয়ায় ভেসে গেছি আমি।''
(নিরাপদ হবার আগে লেখাটি পোস্ট দিয়েছিলাম! হারিয়ে যাওয়া 'রুমকীর প্রতি ভাললাগা'- থেকে প্রথম পাতায় রি-পোস্ট দিলাম)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


