ঘুম ভাঙ্গা এক একটি রাতের কাছে
সময়ের হিসাব চেয়ে চেয়ে ক্লান্ত এ চোখ...
ভোরের পাখির গান শুনিনা অনেক দিন
আনমনা জোছনা ঘিরে রাখে জীবনের মোহ দিয়ে,
বিকেলের নিভু নিভু সূর্য চুপি চুপি জানিয়ে যায়
বাতাসের গায়ে বেড়ানো যত না বলা কথা...
কিছুটা পথ হেঁটে এসেছি নিবিড় আঁধারের প্রশ্রয়ে
কিছুটা পথের মায়ায় আজও হেঁটে চলার বাসনা জাগে...
কিছু সুর ভেঙ্গে গেছে
কিছু বাকি আছে বিষাক্ত লবনাক্ত জলে,
কি যেন হারিয়ে কি যেন পাওয়া
কি ভুলে কি যেন খুঁজে ফেরা,
যেন অন্তিম অক্ষয় হয়ে বেঁচে আছে এ-টুকুই।
এ যেন পাতাঝরা ভুল
কবে যে কি স্বপ্ন ছিল, তাও ভুলে গেছি...
মেঘের আড়াল থেকে আমাকে ডাকে
সে হাসে... আমাকে হাসায়...
স্বপ্ন দেখার ভয়ে ভীরু ভীরু কাঁপায়
সে কাছে আসে... সে দূরে যায়...
এতটা পথ হেঁটে আজও বেঁচে আছি
ভাল আছি, বেঁচে থাকার অহংকারে;
ভাল আছি, সম্পূর্ণ আমার গড়া সত্তাটাকে নিয়ে...
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


