০২০৯০৯
আমি চিল আছি ঘুড়ির যমজ
এখানে তেমন গাছ নেই
আছে উড়ার আকাশ ফ্যাকাসে
ক্লান্ত গান আছে তোর চোখ
সুরভির খোঁজে বিস্তারিত রাস্তা
এখানে বকুলগাছ আছে
বেঁচে থাকি তার কোমলপতন
দুপুর ২:০৩
---------------------------------------------------------
২৩০৮০৯
সিনেমাহলে বসে ছারপোকার কামড় খাই
মনোযোগ দিতে পারি না
আমাদের মাথায় উকুন নৃত্য করে
আমরা মাথা চুলকাই
সিনেমার পর্দায় কাঁপে আমাদের যৌবন
আমরা টের পাই না
বিকাল ৫:১৭
-----------------------------------------------------------
১৩০৮০৯
আমি এখনো ঘুমের ভিতর চিলেকোঠার স্বপ্ন দেখি
আমি এখনো জাগরণে চিলেকোঠা খুঁজে বেড়াই
একে বলি ওকে বলি
কেউ দেয় না
কেউ দেয় না আকাশপাড়ের মেঘছোঁয়া এক স্বপ্নসকাল
কেউ দেয় না মুঠোর ভিতর রোদের রুমাল
বিকাল ৫:৫৪
--------------------------------------------------------
০৮০৮০৯
তারা তারাদের সাথে কথা বলতো
একটি তারা একদিন বললো কী কথা বলো বুঝি না
তারা বললো অন্ধকারের ভাষা
তারাটি বললো আমি তার ভিতরেই জ্বলি
তারপর তারা আর আঁধার পরস্পর
তাদের ভাষা নৈঃশব্দ্যের খুব কাছাকাছি গিয়ে থির
এবং একটি জলপদ্ম হয়ে তাকিয়ে রইলো
তাকিয়ে রইলো একটিমাত্র তারার দিকে
রাত ১:০৩
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



