১৩০১১০
কারো অনূদিত চোখ বুকের ভিতর সমুদ্র হয়ে যায়
তারপর সে ঘুমোতে পারে না
সে কখনো উঠে দাঁড়াতে পারে না আর
জানলা দিয়ে ভেসে যায় তার অন্যজন
শয্যাময় ছড়ানো শস্যের উন্মূল বীজাণু
শিশিরের ফোঁটা সব আলোর ঘুঘুস্বর
একদিন সন্ধ্যা এসে বসবে মেঝেতে
মাকড়শার নীলাভ জালে মাঘ শুয়ে রিরি
স্বচ্ছ কাঁচের ভিতর মুখ রেখে রেখাগুলি প্রাণ
কিছুই মুক্ত নয় ঘরের ঝুলকালি একাকার
চারটি দেয়ালের নিত্যতা নিয়ে প্রশ্ন উঠে
চুপিচাপ অস্থির সে দেখে বিছানায় ভাঙে সমুদ্র
নিভে গেছে বিস্তারিত আকাশমণ্ডল
আর বালিরেখায় আটকে গেছে বাতাসের রূপ
কাউকে খুঁজে না সে কাউকে খুঁজে না
খুঁজে খুঁজে নৈর্ঋত ভাঙে অবেলায়
শয্যা তাকে ভাসিয়ে নেয় পাতাবাহারের দেশে
পাতাবাহার তার দুঃখ জানে যন্ত্রণার অন্ধবোন
রঙের দুঃখ জানে না বিন্যস্ত পটের শহর
সে সরে গেছে অনেকদূরে আরো তিনমাইল উত্তরে
কে জানে কী রেখায় আঁকা হলো এই সকল শীতরাত
--------------------------------------------------------------
রাত ২:১৩
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


