ডিকেক্টিভ চরিত্র শার্লক হোমসের লেখক স্যার আর্থার কোনান ডয়েল অনেকদিন ইটালি আর দক্ষিণ ফ্রান্সে কাটিয়ে প্যারিসে এসেছেন। ট্রেন স্টেশনে ট্যাক্সির দিকে এগিয়ে যেতেই ড্রাইভার দরজা খুলে বললো- গুড মর্নিং মিস্টার ডয়েল।
কোনান ডয়েল আশ্চর্য হয়ে বললেন- তুমি কি আমাকে চেনো?
ট্যাক্সি ড্রাইভার হেসে বললো- না। কিন্তু পত্রিকায় পড়েছি যে, আপনি ইটালি আর দক্ষিণ ফ্রান্সে বেড়িয়ে প্যারিসে আসবেন। আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে, আপনি একজন ইংরেজ অ্যারিস্টোক্র্যাট। তারপর দেখছি, আপনি কিছুদিন আগেই চুল কাটিয়েছেন; এই ধরণের ছাঁট একমাত্র ইটালির সেলুনগুলিই দেয়। আপনার গায়ের রঙও রোদে পুড়ে বাদামী হয়েছে; দক্ষিণ ফ্রান্সে কিছুদিন বেড়ালে সেটা হওয়া সম্ভব। আর এই সময়েই দক্ষিণ ফ্রান্স থেকে একটা ট্রেন প্যারিসে আসে। এই সব মিলিয়ে মনে হলো- আপনিই কোনান ডয়েল।
কোনান ডয়েল মুগ্ধ হয়ে বললেন- বলো কি! তুমি তো দেখছি শার্লক হোমসকেও হার মানালে!
গাড়ি স্টার্ট দিতে দিতে মুচকি হেসে ড্রাইভার বললো- আরেকটা ছোটখাটো জিনিসের উপরও অবশ্য আমার নজর পড়েছিলো; আপনার ব্যাগটি, যার উপর আপনার নাম লেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

