বান্ধবীটা অষ্ট্রেলীয়া থাকে
কোশ্চেন হাঁকে ফেসবুকেতে বসি
কেমন আছি বাঙাল বন্ধুটা যে
সাহিত্য কি করছি নাকি কসি
সাহিত্য সে পাড়াগাঁয়ের মেয়ে
তার কপালে কৃষ্ণচূড়া ভাঁজ
জোছনা-হাসি কেমন করে হাসে
ওড়না জুড়ে আদ্যপান্ত লাজ
সে বোঝে নাই রিসেশনের ঘাম
তার খেলাটা ধান মাড়াইয়ের মাঠে
এগারো বা বারো সে যাই হোক
সদাই হলে সপ্তান্তের হাঁটে
সাহিত্য সে বাঁচে কিম্বা মরে
সাহিত্য সে জলে জীবন যার
টিপাই-মুখো বাঁধ বিঁধবে কেবা
সাহিত্য সে খোঁজ নেইনি তার
বান্ধবীকে বলবো কিযে ছাই
কে দিবে ভাই উড়াল এত দূর
তেমন কোন নিসিন্দা কৈ পাব
রাত্রি খুলে আনবে রূপার ভোর।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



