জড় এর মাঝেও আছে জীবন
অদৃশ্য গতি আছে নিথরের
যা বুঝছ অপরিবর্তনীয়
তা শুধু ছোট্ট কালের সীমানাতেই..
চিরন্তন শাশ্বত কিছু নেই
এক ও অদ্বিতীয় সবকিছুই
অলীক শুধু একটি শব্দ মাত্র
যার প্রয়োজন মিটে গেছে বহু আগেই
জেনে রেখো কমরেড
মৃত্যু বলে কিছু নেই
তুমি যাকে মরণ বল
সে শুধু মারবে তোমাকেই।
আমরাই ছিলাম
মহাজাগতিক বিস্ফোরণ থেকে
কিংবা তারও পূর্বে
বদলেছি শুধু বদলেছি
আমরা জড় ছিলাম না
আমরা নিথর ছিলাম না
আমরা স্থির ছিলাম না..নই এখনো..
আমি জেনেছি শুধু আমি ছিলাম
নক্ষত্রের জীবনচক্র শুরু হবার কালে
মহাবিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে
আমিই আছি, আমরাই আছি
আমি আছি ভীষণভাবে
আমি আছি তাই আমরা আছি
কারণ আমাদের মৃত্যু ছিল না
মৃত্যু বলে কিছু নেই
তুমি যাকে মরণ বল
সে শুধু মারবে তোমাকেই।
আমরাই থেকে যাবো
সূর্য পৃথিবীকে গ্রহণ করবে নিজের অস্তিত্বে
অত:পর শ্বেতবামন হয়ে যাবে
অথবা কৃষ্ণগহ্বর
নক্ষত্রে নক্ষত্রে সংঘর্ষ বেঁধে যাবে
আমরা পদার্থ হবো
আমরা হবো শক্তি
অথবা হবো এমন কিছু
যা আজো জেনে উঠতে পারিনি
যতদিন কিছু আছে
ততদিন আছি বেঁচে
অথচ ক্ষুদ্রসত্ত্বায় শাশ্বত নয় কিছুই
যদি ভাবতে পারো সমষ্টিই একক আমাদের
তবে জেনে রেখো কমরেড
মৃত্যু বলে কিছু নেই
তুমি যাকে মরণ বল
সে শুধু মারবে তোমাকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



