সামহোয়ার ইন ব্লগের নীতিমালা, নিয়ে কিছু নৈতিক প্রশ্ন
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৫
প্রারম্ভেই সকলকে দাশুর সাষ্টাঙ্গ পেন্নাম,
বিশ্বকর্মার কৃপায় সকলেই ঈষদোষ্ণ আছেন আশা করি। ব্লগোমন্ডলের উত্তাপ দেখিয়াই সেটা বেশ উপলব্ধি করা যায়। আপনাদিগের ব্যস্ত সময় নষ্ট না করিয়া সরাসরি গোড়াতে ঝাঁপ মারি। বেশ কিছু বৈশ্বিক ব্লগসাইট এবং উম্মুক্ত মঞ্চের নীতিমালা কষিয়া একটা মজার তথ্য আবিষ্কার করিয়াছি। তাবৎ ধরণীর কোন ব্লগসাইট কিম্বা উম্মুক্ত মঞ্চ সাইটের ব্যবহারকারী কর্তৃক এবং দ্বারা প্রকাশিত, উম্মোচিত, ঘোষিত কোন প্রকার তথ্যের দায়িত্ব নেয়না। ব্যবহারকারী কর্তৃক প্রকাশিত যেকোন ধরণের বক্তব্যের তথ্য, তত্ত্ব, উপমা, পরিসংখ্যান এবং মতামমতের জন্য ব্যবহারকারীই দায়ী থাকিবেন। সামহোয়ার ইন ব্লগ ও এই একই নিয়ম দিয়াছে। কিন্তু সামহোয়্যার একটা অত্যাশ্চর্য নিয়ম আরোপ করিয়াছে যেটা এই তাবৎ ভূ-ভাগের কোথাও নাই। মহাসাগর কিম্বা আপনাদিগের পাড়ার ডোবার অতলে থাকিলে ও থাকিতে পারে, যাহা দাশুর জানা নাই। সেই অত্যাশ্চর্য বিধান টির নাম কপিরাইট। যদিও কপি করিতে রাইট-লেফটের মাযুয্য আমি বুঝিনা। কিন্তু মজার ব্যাপার হইলো ব্লগে প্রকাশিত যে কোন কনটেন্ট(এর বাংলা কি হবে কাকুরা ?) এর স্বত্ত্ব দাবী করিয়া বসিছে আমাদের সামহোয়্যার ব্লগ। এ এক বিচিত্র দ্বি-মুখো সাপের নীতি। প্রকাশিত তত্ত্ব এবং তথ্যের দায়িত্ব তাহারা নিবেনা কিন্তু সেটার প্রকাশনা অধিকার একমেবাদ্বিতীয়ম তাহারাই সংরক্ষণ করিবে।
এই ভূ-মন্ডলের আর কোথাও এই নিয়ম নাই। তবে হ্যাঁ প্রকাশিত দ্রব্যে (কনটেন্ট এর দেশোয়ালী বাংলা) কর্তৃপক্ষ নিজ বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করিবার এক্তিয়ার রাখে।
কিন্তু ব্যবহার করিবার অনুমতি লাভ কিংবা প্রচলিত শব্দে লাইসেন্স লাভ, এবং স্বত্ত্ব অধিকার দুইটি পুরোপুরি ভিন্ন বিষয়।
এইখানেই আসিয়াই দেশো একটু বেচাল হইয়া পড়িল। সামহোয়্যার ব্লগ অশ্লীলতার বিরুদ্ধে সোচ্চার, নোংরামীর বিরুদ্ধে সোচ্চার কিন্তু ব্যক্তি অধিকার হরণে সামহোয়্যার দক্ষ, সম্মিলিত রাজনৈতিক নষ্টামীর প্রাতিষ্ঠানিক রুপ দিতে সামহোয়্যার নিবেদিত।
এই নীতিমালা নামক গলার কাঁটাটি নিয়া সামহোয়্যারের আরো একটু ভাবিবার সময় আসিয়াছে। বাংলা ভাষার প্রথম ব্লগ হিসেবে সামহোয়্যার ইতিহাসের পাতায় স্থান নিবে সে বিষয়ে কোন সন্দেহ নাই। কিন্তু মনে রাখা দরকার ইতিহাস সবাইকেই বুকে টানিয়া নেয় হিটলার থেকে সালভাদোর আয়েন্দে সকলকেই। এইখানেই বিচক্ষণ ব্যক্তি ঠিক করেন তিনি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াইতে চান না কি, ব্যালকনি তে।
মহান এবং মহৎ সৃষ্টির যে অভিলাষ তাহা আপনাদের সকলের মধ্যে দিয়া প্রকাশিত হোক।
এই কামনায়,
দাশু।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নীতিমালা ;
প্রকাশ করা হয়েছে: বচ্ছু বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
পাগলা দাশুর প্রথম গুরুত্বপূর্ন পোস্ট । সানন্দে প্লাস ।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
অসাধারণ লিখেছেন । আমি তো নীতিমালাই পড়ি না । নীতিমালা যারা করবেন তাদের কি যথেষ্ঠ নীতি আছে ? এ বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান । ধন্যবাদ আপনাকে ।
তামিম ইরফান বলেছেন:
হাসিব বলেছেন: পাগলা দাশুর প্রথম গুরুত্বপূর্ন পোস্ট । সানন্দে প্লাস ।
বিষাক্ত মানুষ বলেছেন:
আসলেই এটা ভাবনার বিষয়
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অতিব জনগুরুত্বপূর্ন পোস্টে প্লাস দাগানো হইলো !দাশুজি ! হাত খুলিবার দরকার নাই,বরং হাত দু'খানা নিজের সঙ্গে রাখিয়াই লিখিয়া যান
ব্রহ্ম বলেছেন:
+
ত্রিভুজ বলেছেন:
নীতিমালায় বলা হয়েছে আপনি যদি একমত হন, তবেই ব্লগিং করতে পারেন এখানে। একমত না হলে করতে পারবেন না। এখন যদি আপনি জেনে বুঝে চিন্তা করে এই নীতিমালা মেনে ব্লগিং করতে শুরু করেন, তাহলে এই নীতির জন্য ব্লগ কতৃপক্ষকে দোষারফ করতে পারেন না। আমাদের লেখা সামহোয়্যার নিজের কাজে ব্যবহার করতে পারবে জেনেই আমরা ব্লগাই.. আপনার আপত্তি থাকলে ব্লগাবেন না।
রাশেদ বলেছেন:
+
আছহাবুল ইয়ামিন বলেছেন:
আপনার মন্তব্য - "তবে হ্যাঁ প্রকাশিত দ্রব্যে (কনটেন্ট এর দেশোয়ালী বাংলা) কর্তৃপক্ষ নিজ বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করিবার এক্তিয়ার রাখে। "আর ব্লগ কতৃপক্ষের বক্তব্য - "আপনি যে সমস্ত লেখা এখানে পোস্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে"
এর মধ্যে পার্থক্য কোথায়?
রোবোট বলেছেন:
ত্রিভুজ সাহেব বলেছেন, নীতিমালায় বলা হয়েছে আপনি যদি একমত হন, তবেই ব্লগিং করতে পারেন এখানে। একমত না হলে করতে পারবেন না। তাহলে পশচিমা দেশে হিজাব নিষিদ্ধ করলে নিন্দা করেন কেন?
নির্ভয় বলেছেন:
+
রন্টি চৌধুরী বলেছেন:
অপারবাস্তব নিম্চই এই ব্লগের আরেকটি মিডিয়া চ্যানেল না। ভালকথা এই ব্লগের লেখা ব্লগ কতৃপক্ষ তাদের ``অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে" কিন্তু তার মানে তো এই দাড়ায়না যে লেখাগুলোর সর্বস্বত্তের মারিক তারা। তাই তারা অন্যপক্ষকে লেখা ছাপানোর অনুমতি দেবার এখতিয়ার রাখেন না।
অমি রহমান পিয়াল বলেছেন:
মনে রাখা দরকার ইতিহাস সবাইকেই বুকে টানিয়া নেয় হিটলার থেকে সালভাদোর আয়েন্দে সকলকেই। এইখানেই বিচক্ষণ ব্যক্তি ঠিক করেন তিনি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াইতে চান না কি, ব্যালকনি তে।
পাগলা দাশু বলেছেন:
সকলকেই ধন্যবাদ। ত্রিভূজ, ইয়ামিন এবং খাদেম দাদা ভাইয়েরা পোস্টের সারবেত্তা অনুভব করিয়া মন্তব্য করুন। আমি ব্লগিং কাহাকেও কর্তে হইবে বা হইবে না, কিংবা করিবো না বা করিবো এইরকম কোন ক্রিয়াপদ ব্যবহার করি নাই। প্রশ্ন হইলো নীতিবহির্ভূত নীতিমালা নিয়া।
দেশের সংবিধানের বিরুদ্ধে যেখানে প্রশ্ন তুলিবার অবকাশ থাকে সেখানে ব্লগিং প্লার্টফর্মের নীতিমালা নলখাগড়ার বনে হরিৎকেশরের সমতূল্য, চাহিলে প্রতিদিন বদলানো যায়। যাই হোক সেটা সামহোয়্যার'ই ভালো বুঝিবেন।
উনারা যথেষ্টই ''ইশ্মার্ট" কিয়ৎকালের মধ্যে হয়তো উনারা এই পোস্টই বগলদাবা করিয়া লইয়া যাইবেন। যেরকম সালিশদার সাহেব কহিয়াছেন।
পেন্নাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















