ভ্যালেন্টাইন
অমর অজর মহিমান্বিত ভ্যালেন্টাইন
তোমার বদ্ধ প্রকোষ্ঠের ভালোবাসা
মুক্ত হোক,ছড়িয়ে যাক,ডানা পাক
সে আমিও চাই!
চাই প্রিয়ার হাতে তুলে দিতে লাল গোলাপ
বন্ধুর হাতে রঙবেরঙের শুভেচ্ছাপত্র
ছোট বোনটির হাতে চকোলেটের বাকশো!
চাই শক্ত খোলসের জুতোয় ভর করে
শক্ত করে ধরি প্রিয়ার নগ্ন বাহু
ঠোঁটের কার্নিশে রেখে দেই পুষ্পচুম্বন।
চাই সর্ষে দুপুরের আড্ডায় গিটারের তারে
তুলি ঝংকার দৃঢ় আঙুলে মৃদঙ্গ সুরে।
কিন্তু
ভ্যালেন্টাইন
প্রিয় ভ্যালেন্টাইন
আমার দৃঢ় পা পিছলে যায়
আমার দৃঢ় হাত পিছলে যায়
আমার দৃঢ় আঙুল পিছলে যায়
প্রিয় হাতে তুলে দেয়া গোলাপ থেকে রক্ত ঝরে
জয়নালের লাল লাল রক্ত!
ঠোঁটের কার্নিশে উঠে পড়ে
দীপালীর রক্তস্তবক!
আঙুল কেটে ভেসে যায় কাঞ্চনের বুক!
ভ্যালেন্টাইন
আমি তোমায় দেখাতে চাই
মিছিলের মুখ
মানুষের শ্লোগান
আমি তোমায় দেখাতে চাই
অন্যরকম প্রেম
প্রতিবাদী ভালোবাসা
যে মন্ত্রে ভালোবাসা কলুষমুক্ত হয়
যে মন্ত্রে শিক্ষা দাসত্ব ছিঁড়ে আসে
সে মন্ত্রের গান
তোমাকে দেখাতে চাই স্রোত বেগবান
প্রিয় ভ্যালেন্টাইন
শিক্ষা দাসত্ব হয়ে যাচ্ছিলো সেদিন
সাধারণের নাগাল পেরুচ্ছিলো সেদিন
'মজিদখান শিক্ষানীতি'র মোড়কে পণ্য হচ্ছিলো সেদিন
আদিম আফিমের গন্ধ ভরা
মেরুদন্ড ভাঙার বারুদ ভরা
স্বৈরগদির শক্তিবর্ধক ভরা
নতুন বিকৃত শিক্ষা আসছিলো সেদিন
ভ্যালেন্টাইন
তুমি যেমন ভালোবেসেছিলে
ওরাও বেসেছিলো ভালো
গরীবের শিক্ষা কে
অসাম্প্রদায়িকতার শিক্ষা কে
গণতন্ত্রের- সমাজতন্ত্রের শিক্ষা কে
তাই রুখে দিতে বিকৃত মস্তিষ্কের শিক্ষানীতি
ওরা ফুলিয়ে দাঁড়িয়েছিলো বুক...
তারপর
গরম জল
রায়ট কার
তপ্ত বুলেট
ঘাতক ট্রাক
'শুয়োরমুখো ট্রাক'
'লেফটেন্যান্ট জেনারেল ট্রাক'
আর রক্ত! অনেক রক্ত! মগজমিশ্রিত জমাট রক্ত!
ভ্যালেন্টাইন
দিনটি ছিলো ফেব্রুয়ারির চৌদ্দ
তুমি এসে কি চমৎকার ভুলিয়ে দিলে!
তোমার বদ্ধ প্রকোষ্ঠের তীব্র প্রেমের জোয়ারে
হারিয়ে গেল সেই রক্তাক্ত ইতিহাস
হারিয়ে গেল জয়নাল-দীপালী-কাঞ্চনদের মুখ
হারিয়ে গেল বাঙালির প্রেমোৎসব-পহেলা ফালগুন...
এটাই কি তবে তোমার প্রেম,ভ্যালেন্টাইন?এটাই অভিপ্রায়?
তবে তুমি ফিরিয়ে নাও! ফিরে যাও!
তুমি ফিরে শ্বাপদসম সেই স্বৈরাচারের ঘরে
যে আজ রক্তাক্ত হাত মুছে যাবার উল্লাসে হাসে
ফিরে যাও কর্পোরেট চাঁতালে
যার রক্তের ডিজাইনে শুভেচ্ছাকার্ডে বাজার জমে উঠেছে...
আমার রক্তাক্ত ইতিহাস খুলে দাও
আমার চিরউন্নত সংস্কৃতি
ফিরিয়ে দাও আমার অমর ফালগুনের মহিমা...
ফিরে যাও
ফিরে যাও ভ্যালেন্টাইন
দয়াকরে ফিরে যাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


