ভাসতেছিলে মেঘে
মেঘ মানে তো ভেসে-যাওয়ার রীতি
মেঘ মানে তো আর কিছু নয় ___ জলেরই উদ্ধৃতি
ফলে ভাসতেছিলে জলে
আমি জলেই ভেসে যাই
জল মানে তো মেঘের জন্মভূমি
মেঘে ভাসতেছিলে তুমি
আমি মেঘেও ছুটে যাই
মেঘ ফিরেছে জলের কাছে
জলে তুমি নাই
আমি ভাসছি অযথাই
জলে ... আবার মেঘে ... বিভিন্ন উদ্বেগে
এবং ভয়
গন্ধ তোমার লিপ্ত মাছে মাছে
ফলে অদৃশ্যত ভাসতেছিলে জলে
হাসতেছিলে জলে ও কল্লোলে ...
আমি নৌকাতে পাল তুলি
মাঠের চোখে নামতেছিলো অনন্ত গোধূলি
ফন্দি এঁটে যখন তুমি নিপুণ ধাঁধা জ্বালো
আমি তখন দেখতেছিলাম কনে-দেখা-আলো
এবং ক্ষণেক পরে একফালি চাঁদ জ্বলতেছিলো দূরে
শূন্যতা-নগরে ...
বাজতেছিলো ঝুমুর-ধ্বনি বেহুলা ঘুঙুরে
হঠাৎ পাখি উঠলো কেঁদে গাছে
ভাসতেছিলে তখন অন্ধকারে
আমার দু'চোখ লটকে ছিলো অবাক, ইন্দ্রদ্বারে ...
আমি জল ও মেঘে থাকি
তোমারই সন্ধানে
তুমি লিপ্ত আজও অন্ধকারের গানে !
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



