স্টার ফিস সুইমস্যুটে তোমাকে সমুদ্রমাতা মনে হয়, আমিষচিত্রিত সেই
শারীরিক উন্মাদনা ভালো লাগে। সমুদ্রোপমা নও, সমুদ্র তোমাতে উপমিত
হয়তো কখনও আমি রিস্কি সাঁতার দিয়ে তোমার গহীনে চলে যাই
শুধু কাব্যিক কৌতুহলে। এ প্রকার জলপর্যটন, জেনেছি শোভন নয় ___
সমুদ্রকাতর যত নাবিকেরা কী প্রকার ঝুঁকি নিয়ে
যাত্রাপথ, অভিপ্রায় হারিয়ে ফেলেছে !
তবু এই অভিযান ভালোবেসে অনিশ্চিত স্বপ্নে জেগে আছি, অমিত সাহসে
আমি শুধু তোমার মধ্যমা ছুঁয়ে সলিলসমাধি চাই, আর ভাবি, চলে যাবো
অগোচর মৃত্যুর দখলে ... অসীম বাসনা নিয়ে এইভাবে একদিন স্থলভাগ
রোমাঞ্ছিত হবে, সকল গন্তব্য হবে সমুদ্রজনিত; কেননা যে,সমুদ্রসভ্যতা
আজ আসন্ন ও ঘনীভূত বিজ্ঞানসমাজে। আমি সেই অভিযাত্রা সূচনা করেছি
সীমাহীন পথ আর রাশি রাশি ভয় আর জল ... কোথায় রেখেছো তুমি
গুপ্ত ধনাগার ? ওহো জলবালা, ভোগের প্রসঙ্গ এলে কেবল ছড়িয়ে রাখো
প্রলোভন স্থলের বাতাসে! আমি শুধু একবার তোমার লোভের উৎসমুখ,
তোমার গোপনসূত্র খুলে খুলে সম্ভাবনা দেখে যেতে চাই, জেনে নিতে চাই,
কতো কোটি অক্টোপাস তোমার সম্পদকেন্দ্রে পাহাড়া বসেছে ! পেছনের
যাত্রাচিহ্ন অপনীত ; প্রতিজ্ঞ দু'হাত দ্যাখো উপনীত তোমার সড়কে ...
আমি পরাজিত নই। আমার পূর্বজ কবি বলেছেন , পরাজিত হয় না কবিরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



