তোমার কাছে, গায়ত্রী পাল, তোমার কাছে
আমার কিছু প্রশ্ন আছে
প্রশ্নগুলো এতোটা কাল কল্পিত সেই হিজল গাছে
যত্নফ্রেমে বাঁধা ছিলো জ্বলজলে এক স্মৃতির কাছে
প্রশ্নগুলো এখন আমার চোখের তারায়, চুলের ভাঁজে
অষ্টপ্রহর বেজায় বাজে, বাজতে থাকে বুকের খাঁজে
তোমার কাছে, গায়ত্রী পাল, তোমার কাছে
আমার অনেক প্রশ্ন আছে
আমরা কেন ভাসাভাসা আগুন-খেলা খেলতে গিয়ে
সময়-আটায় জল ঢেলে খুব স্মৃতির রুটি বেলতে গিয়ে
বাস্তবে পা যে-ই বাড়ালাম___
মোহন মাতাল মগ্ন সুখে আপন মনেই খেই হারালাম
কল্পিতপ্রেম লাল ছায়াতে হিরণ গাঁয়ে বেশ তো ছিলাম !
কোন অসুখে আমরা দু'জন পরস্পরের পথ হারালাম ?
জ্যোৎস্না-ঝরা বিজন মাঠে নেশার ঘোরে হাঁটতে গিয়ে
লবণজলে হংসমিথুন অন্ধ-সাঁতার কাটতে গিয়ে
অদৃশ্য এক দেয়াল তুলে___ প্রবল প্রতিপক্ষ হলাম___
কষ্ট নামক সংক্রমণের হঠাৎ প্রিয় লক্ষ্য হলাম
বেশ তো দু'জন ছিলাম সুজন
কেমন করে এমন হলাম !
তোমার কাছে, গায়ত্রী পাল, তোমার কাছে
এমন হাজার প্রশ্ন আছে___
নীলকমলের বিষ না-পেলে, সুনীলমাছি কেমনে বাঁচে !
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



