অনুকার ধ্বনিলিপ্ত রাত্রিনদীতে ভেসে যাই
আর অই শিশুবেলা কেঁদেছিল স্মৃতির উঠানে;
স্মৃতি তো আমারই বোন! সাঁওতালবোধের সানাই___
বিহারে কী হারে ওর সন্তানেরা হাহাকার বোনে!
অথবা রাত্রির সাথে, বলা চলে, অদৃষ্ট বদলাই ...
২
কিংবা এমন হয়, দিনপঞ্জি লিখি আজ রাত্রির মর্মরে ...
আয়না থাকেনি; ফলে___ আমারই রাত্রিতে জর্জর
থেকেছি অনেক কাল, শত্রু-দিনে, বন্ধুত্বের হাহাকার-জ্বরে।
কিন্তু এই এত চুল ... জীবনেরও অধিক ধূসর!
কৃষ্ণত্বপ্রাপ্তির লোভে ছুটে গেছে বালুপর্ণ জলের শহরে ...
৩
রাত্রিরই প্রাতিস্বিকে লিখি এই রাত্রিকথাগুলি ...
আঁধারপ্রবাহে ওড়ে হৃদয়ের ধূলি;
মাসিক-চক্রের ত্যানা উড়িতেছে রাতের আকাশে,
ভুবনের মেয়েগুলি খিলখিল হাসে ...
গলায় টাঙানো কত বিভিন্ন মাদুলি!
৪
সমুদ্রবাহন নাই, তবু কত প্রবাহিত হয়েছি যে জলে!
যাকে এত জল বলি, সেও বুঝি পেয়েছিল ডানা
রাত্রির নিগূঢ় চোখে ... চিত্রিত আকাশ নিয়ে এসেছি জঙ্গলে;
এতটা নিপুণ কারা টাঙিয়েছে কালো সামিয়ানা?
মলিন জোনাকিগুলি মৃত; তবু জ্বলে ওঠে সমসত্ত জলে ...
৫
আমাকে অশুচি করে এই রাত্রি পবিত্র হয়েছে;
পবিত্র হয়েছে ভেবে, বেঁচে-বর্তে গেছে ...
আমিও ঘরের ছেলে ফিরে যাবো ঘরে,
কষ্ট পাবো না ... আছে প্রতিজ্ঞা অন্তরে।
মফস্বলে ফিরে গেলে___ রাত্রি একা___ কাঁদবে নগরে ...
৬
জলবাহিকার কাঁখের মতোই মজবুত এই রাতও;
ভালবাসা যেতো, গড়ে তোলা যেতো সীমাহীন সংঘাতও ...
পালিয়ে গিয়েছি; নূপুরের মতো পায়ে পায়ে তবু বাজে
নাছোড় সর্বনাশ ... রাত্রিরই কাছে নতজানু তাই লাজে।
আমি মনে রাখি, মনে রেখে ভাবি, তোমরা ভুলবে না তো!
৭
স্মৃতিতে আক্রান্ত হই, কেন না তা রাত্রির সমান;
রাত্রিতে আক্রান্ত হই, রাত্রিই প্রকৃতপক্ষে গান ___
গানে তো আক্রান্ত হওয়া আরও সমীচীন!
গানের ভেতর থেকে উদিত যে দিন
যেহেতু আমার লক্ষ্য সেই আদিপ্রাণ ...
৮
কালো শাড়ি সুসজ্জিত সিঁদুর-রাঙানো মুগ্ধরাত ...
ভেতরে ও ভাঁজে ভাঁজে ইতিহাস___ রক্তপ্রপাত!
ভুবনের মেয়েগুলি উড়িতেছে রাতের আকাশে;
এত ক্ষুধা___ উৎপীড়ন, মাখামাখি এই রাত্রিবাসে!
ছড়ানো ছিটানো দাগ স্পষ্টতই জঙ্গলে ও ঘাসে
৯
তবে একে ধ্বংস বলি, এই ধ্বংস সন্তানসম্ভবা
উত্তরের হিমশৈল, দক্ষিণে অতল পুনর্ভবা;
তবে একে দুঃখ বলি, এই দুঃখ সুখের অধিক
পশ্চিমে ডুবেছে গান, তৈরি থেকো পুবের পথিক!
নষ্ট করো না বীজ, এই মাটি যথেষ্ট সম্ভবা ...
১০
ভূমিপুত্র, মাটির নিরীহ ঘুম পোড়াও উল্লাসে!
রাত্রির চৈতন্যে ছোঁড়ো অভিতীর একলব্যবোধে;
মুত্যু তো অনেক হলো! এইবার পূর্ণপ্রতিশোধে
জাগো ও জাগাও ধ্বনি___ অনার্যের আকাশে-বাতাসে
যেন দেখি, মনসাই গাঙুরের জলে জলে ভাসে ...
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


