মুগ্ধ দৃষ্টির সন্তর্পনে হারিয়ে যাওয়া এবং
কখন ঠিকই সংগোপনে দৃশ্যপটের বদল;
হলুদের আবরণ, বিশুদ্ধ শিফন শাড়ী
নারীর বুকে আঁচল ঘেঁষে নৃত্য ও আহাজারী,
কাঁচুলীর ভাঁজে গিরিপথে চিরসত্য আলেয়ার
সরীসৃপ পদচারণ আর দৃষ্টি মাঝে
গভীর কূয়ার সকালবেলার
ঘন আঁধারের ছায়া- খেলে লুকোচুরি
-বিতৃষ্ণা নয়, তৃষ্ণার অপূরণ; আর তাই
মনে ধীরে ধীরে হয় ভিন্ন অভিযোজন; সেখানে
শুকনো মরুভূমির সতেজ সবুজ ক্যাকটাস;
দৃশ্য দৃষ্টিতে তাই আবার বদলায় পট,
সাঁঝের বেলায় বালুতীরে বিদায়ী অরুণ
সমতটে হলুট লালে জলের প্রলেপ
মনডুবানো এক ক্যানভাসে হেঁটে চলে
জোড়া জোড়া পা, বাতাস বলে কানে কানে
' নারীর রেশম দীঘল চুলগুলো সব
ভালবাসা হয়ে উড়ে উড়ে ছুঁয়ে ছুঁয়ে যা'।
চুলের পরশে কুন্তল আঁধারে
দৃষ্টিতে নতুন দৃশ্যপট ঐ তো ওখানে
আকাশের তল ঘেঁষে নীড় উড়ে যায়
হলুদ পাখিটি ; একটু একটু করে আঁধার
গিলে খায় তার গায়ের হলুদ দ্যুতি ;
একটু একটু করে সব দৃশ্যপটও গিলে
খেতে থাকে নিজে নিজেই দৃষ্টি;
তখনই ঝমঝম করে নেমে আসে বৃষ্টি;
সৃষ্টির উল্লাসে তখন মেঘে মেঘে
নিবীর আলিঙ্গলে জ্বলে ওঠে হলুদ বজ্র আলো
কাঁচা হলুদ গাত্রে নারীর সে এক ঝলকেই
দৃষ্টি পুনঃ কোন নতুন দৃশ্যপটে স্বত্তা হারালো।
2/4/2007
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ ভোর ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



