রোদ্দুর রোদ্দুর গল্পের দিনে
কত কথা, কত হাসি পড়ে যায় মনে।
অলি-গলি, রাজপথ
হাসি-খেলা, মায়া-বাঁধা।
সেই সব দিনগুলি
হারিয়েছে আজ কোথা।
স্মৃতিগুলি আজ সব
ফ্রেমে আঁটা সাদা পাতা।
আজ সব আড়ি......
আজ-কাল-পরশু
দিন নেই, ক্ষণ নেই,
সকালের ঘুম নেই,
কাজ নেই-বাড়ি নেই।
সকাল-দুপুর-সাঁঝ
শহরের কোণ-ভাঁজ,
ভবঘুরে পথ ঘোরা
রাত করে বাড়ি ফেরা।
নির্ঘুম রাত জাগা,
বেসুরেতে গান করা,
কল্পনা জাল বোনা
আজ সব আড়ি......
বহু পথ বেঁকে গিয়ে
যার যার পথ মাপা।
সে সময়, সেই বেলা
হাসি-কথা-ছড়া-খেলা,
যার তার যা তা কথা
বাজে বকা, বোকা-সোকা।
শব্দের ফুলঝুড়ি
তাই দিয়ে মালা গাঁথা।
সেই সব দিন নেই, ছায়া নেই
মায়া নেই...কিছু নেই......
আসলেই নেই কি??
কী জানি কী গল্প
কথা শুনি অল্প
দিন যায়, রাত যায়,
যোগাযোগ স্বল্প।
আজ সব আড়ি......
মনে পড়ে সবকিছু, ছায়াদের, কায়াদের,
অস্থির দিনগুলো
সান্ত্বনা, কান্না
অযথা স্বপ্ন দেখা,
অযথাই ভাবনা।
দিন যায়, রাত যায়,
ভাবি বসে অসহায়
কী করি, কী করা যায়...
মন আছে সবারই, মনে আছে সবারই
সব কথা, সব গান, সব মায়া, সব ছায়া।
তবুও ভুলে থাকা, ভুলবার ভান করা,
ছায়া দেখে সরে পড়া,
পাশ ফিরে চলে যাওয়া,
আড়চোখে কথা বলা, চোখ বুজে পথ চলা।
কথা নেই, দেখা নেই,
আজ নেই, কাল নেই,
প্রতিদিন, নেই নেই......
আজ সব আড়ি......
অতঃপর ভুলে যাওয়া
অন্তত চেষ্টা
'দূর ছাই' বলে ওঠা
দেখে যাওয়া শেষটা।
আজ সব আড়ি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



