আমি চাইতেই পারি চাঁদটা ছুঁতে, নীল -বেগুনি-লালচে ফিতে,
কিংবা দূরে ঝোপের তলে, লুকিয়ে ফোঁটা ফুলটা নিতে।
চাইতে পারি ইচ্ছে হলেই দূরের দেশে যেতে,
জাদুর সুতোয় বোনা জাদুর মাদুরখানা পেতে।
আমি চাইতে পারি যা ইচ্ছে হয় তাই
চাওয়ার আমার কিছুই বাকি নাই,
চাইছি আমি চারিদিকে দেখছি চোখে যা-ই
চাইছি আমি সবই, আমার সব সবই চাই।
চাইতে পারি কাজ না করে পালিয়ে যেতে দূরে,
সকাল-দুপুর-রাত্রি জুড়ে গোটা শহর ঘুরে।
চাই বা যদি হতে আমি আজব দেশের রাণী
সেই চাওয়াটা রুখবে এমন সাহসটা কার শুনি!
চাইতেই পারি এক টুকরো মেঘ সাদা পেঁজা,
হেঁটে যেতে ঘাসের পথে ঠান্ডা শিশির ভেজা।
কিংবা আমি চাই যদি বন্ধু তোর ওই মনটা,
সেটাও আমি চাইতেই পারি, দোষের হলো কোনটা?
চাইতে পারি অনেক কিছুই; চাইতে আমি পারিই,
তোকেও আমি চাওয়ার সূতোয় জড়িয়ে নিতেই পারি।
আমার কথা শুনিস না তুই? বলছি আমি যা-ই?
নিজের জন্য বুঝিস না কেন, বন্ধু তোকেই চাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



