আমার প্রিয় পোস্ট

কিছু কথা না বলে থাকতে পারলাম না...

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১২

শেয়ারঃ
0 0 0

বলতে পারেন আমি অসামাজিক, কিংবা আমাকে আঙ্গুল তুলে বলতে পারেন আমি সমাজের ভেতর থেকেও সমাজকে মেনে চলছি না...। সবাই যখন 'দেশের কি হলো' ভেবে চিন্তিত হচ্ছেন, সামাজিকতার কড়ি-কোষ্ঠী মেনে চলছেন, সমাজ সচেতন নাগরিক হিসেবে নিজের ভূমিকা পালন করে যাচ্ছেন আমি তখন বাসায় বসে ভাবছি 'কবে বের হবো বাসা থেকে'...ক্যামেরা হাতে নিয়ে কাঁধে ব্যাগ চাপিয়ে বের হয়ে যেতে চাচ্ছি রাস্তায়...ফ্রেমে বন্দী করতে চাচ্ছি অস্থির মুহুর্তগুলো। মা বাধা দিচ্ছে। বলছে, 'এত সাহস ভালো না!...তোর যদি কিছু হয়!...আমি মেয়ে পাবো কই?'...

কিংবা আমি তখন বাসা থেকে বের হতে পারছি না বলে বসে বসে ব্লগ থেকে ফেসবুক, ফেসবুক থেকে ব্লগে ঘুরছি, টিভি'তে দেশের অবস্থা সংক্রান্ত আপডেটগুলো জানতে চেষ্টা করছি। প্রতি ১ ঘন্টা পর পর লোডশেডিং এর সময়টুকু ছাড়া বাকী সময়টুকু ব্লগে অনলাইন থাকছি সর্বশেষ পরিস্থিতি জানার জন্য।

কিংবা হয়তো বসে সিনেমা দেখছি...গুডবাই লেনিন... এমিলি... টেক্সাস চেইন স' ম্যাসাকার!...

কিংবা বন্ধু অনিক, যে মুন্সিগঞ্জ গেছে, তাকে ফোনে বার বার ট্রাই করেও পাচ্ছি না বলে মন খারাপ হচ্ছে। ভাবছি, 'দুই দিন ধরে ছেলেটার সাথে যোগাযোগ হচ্ছে না'...

কিংবা...দুই ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরে বন্ধু রূপকের সাথে কথা বলছি যে গত রাতে হঠাৎ আবেগপ্রবণ হয়ে আমার প্রতি ওর দুর্বলতা [ কিংবা ভালোবাসা ] প্রকাশ করে ফেলেছে, অথচ আমি 'হ্যাঁ' বা 'না' কিছু বলতে পারছি না...হয়তো ভাবছি 'কী হয়ে গেলো এটা!'...

কিংবা আমার ভাইকে ফোনে ট্রাই করে না পেয়ে টেনশন করে ছোটখালা যখন ৩ মাসের মেয়েকে বাসায় বুয়ার কাছে রেখে আমাদের বাসায় চলে আসছে, তখন ভাবছি, 'কেন হচ্ছে এসব?...মানুষের জীবন কেমন অস্থির হয়ে গেছে'!

সবই হচ্ছে...জীবন কিন্তু থেমে থাকছেনা। ...জীবন চলছে...আমার...আপনার...আমাদের সবার......পথচারীও হাঁটছে প্রতিদিনের মতো...রিকশা চলছে...গাড়ি চলছে...আবার গুলির শব্দ শুনে সবাই কিছুক্ষণের জন্য রাস্তা ফাঁকা করে চলেও যাচ্ছে। গাড়ি-রিকশাগুলো একজন আরেকজনকে পারলে টপকে যাচ্ছে, সবাই আগে আগে চলে যেতে যায় দূরে। সারাক্ষণ যেই গলিটা প্রায় ফাঁকা পড়ে থাকে, আজকে সেই গলিতে সারাদিন ধরে জ্যাম। কারণ সবাই গ্রিন রোড, ধানমন্ডি যাবার জন্য এখন হাতিরপুলের রাস্তা ব্যবহার করছে, এলিফ্যান্ট রোড এর গাড়ি গুলোও আসছে হাতিরপুল-সেন্ট্রাল রোড দিয়ে। সবার ভেতরেই টেনশন।

আমার ভেতরেও আছে। আমিও ভাবছি আমার ক্লাসমেটগুলোর কথা, যারা ধানমন্ডি এলাকায় থাকে। গতকাল যারা একরাশ দ্বন্দ্ব আর ভয় নিয়ে বাড়ি ফিরেছে। ভারসিটি বাস ট্রিপ দেয়নি বলে যাদের অনেক কষ্ট করে বাড়ি ফরতে হয়েছে। কুয়েত-মৈত্রী কিংবা ফজিলাতুন্নেসা হলে থাকা মেয়েগুলোর কথা ভেবে আমিও চিন্তিত হয়েছি......আমিও ভাবছি বিডি আর এর জওয়ানদের কি হবে যখন তারা অস্ত্র সমর্পণ করবে?...আমিও ভাবছি ভেতরে আটকে পড়া মানুষগুলোর কথা...সেই ৯ মাসের গর্ভবতী মহিলাটার কথা, যিনি বের হতে পারছেন না...যার স্বামী অসহায়ভাবে ক্যামেরার সামনে কাঁদছেন...

কিংবা সেই বাচ্চা ছেলেটার কথা, যে বেড়ীবাঁধে তার বাবা'র লাশ শনাক্ত করেছে, যেই বাবাকে সে পাঁচ-ছয়দিন ধরে দেখে না, যেই বাবা'র মৃত্যুকে সে মেনে নিতে পারছেনা। কাঁদতে কাঁদতে যেই ছেলেটা বলছে, 'আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না, আমার ছোটো ভাইটাকে আমই কি বলে বুঝাবো?'

কিংবা যেই মানুষগুলো এই আতঙ্কের মাঝেও গেটের সামনে ভীড় করে আছে ভেতরে আটকে পড়া স্বজনদের জন্য...

আমার কাছে এখন আর এই দৃশ্যগুলো ভালো লাগে না। আমি নিতে পারি না। খুব কষ্ট হয়। দেশটার কি হচ্ছে?...মানুষগুলো কি করছে দেশটার?...সবাই কেমন ধৈর্যহারা হয়ে যাচ্ছে। নিজের ভালোটা একটু বেশিই বুঝছে। তাতে কে বঞ্ছিত হলো, কে ন্যায্য প্রাপ্য হারালো, এগুলো কোনো ব্যাপারই না...

অরাজকতার দেশে বাস করছি আমরা সবাই। কয়েকদিন আগে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে কি বিশ্রী কিছু ব্যাপার ঘটে গেলো। সাধারণ ছাত্রগুলো পর্যন্ত সাফার করেছে। আমার দুই বন্ধু, যারা একদমই পলিটিকাল নয়, হল রেইডের সময় তাদের কম্পিউটার, এমনকি কাপড়-চোপড় পর্যন্ত নিয়ে গেছে!
হলটা ছাত্রদের আবাস, সেখানেই তাদের নিরাপত্তা নেই!...

ঢাকাতেও, এমনকি খবর অনুযায়ী দেশের অন্যান্য অঞ্চলেও বিডি আর-আর্মি গোলাগুলি চলছে। এই গৃহযুদ্ধ কেন?...নিজেদেরকে কিভাবে আমরা প্রকাশ করছি বিশ্বের কাছে?...দুর্নীতিবাজ বলে আমাদের এম্নিতেই দুর্নামের শেষ নেই, এখন বিশ্ববাসী এটাও জানবে যে দেশের প্রতিরক্ষা বাহিনীর ভেতরেই একতা নেই, তাহলে আর এই দেশের প্রতিরক্ষা কতই বা আর শক্তিশালী!......

আমি এই বিষয়গুলো নিয়ে ভাবতে চাচ্ছি না। ভাবতে পারছি না। ভাবতে গিয়ে খুব ডিস্টার্বড হচ্ছি। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। দেশকে নিয়ে ভাবি...তবে আমি সোশ্যাল কনফরমিস্ট নই।...সবার সাথে তাল মিলিয়ে 'হায় কি হলো' বলে চোখের জলে ভাসতে পারি না, কিংবা সারাক্ষণ খুব চিন্তিত চিন্তিত চেহারা করে বসে থাকতে পারি না। পোস্ট করে কিংবা মন্তব্য লিখে নিজের অনুভূতি জানানোর জন্য ব্লগের পাতায় ব্যস্ত হয়ে যেতে পারি না।...ঠিক এই মুহুর্তে সবাই যেই টেনশনটার মধ্য দিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। কিন্তু আমি টেনশনটা একা একা নিচ্ছি। বাসাতেও আমি হেসে-খেলে বেড়াচ্ছি ঠিকই, কারণ আমি তাদের জানতে দিতে চাই না, তাদের মেয়ে'র মন এত নরম......তাদেরও বুঝতে দিতে চাই না যে তাদের ছেলে হলে আছে, বাড়ির বাইরে, তাই তাদের মেয়েরও টেনশন হচ্ছে......

আমি খুব স্বাভাবিক থাকতে চেষ্টা করছি। সবাই যেখানে দেশের পরিস্থিতি নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে, আমি তখন আমার চলমান গল্পের ধারাবাহিকতা বজায় রাখছি। গল্পের নতুন পর্ব পোস্ট করছি। আশা করছি না সবাই পড়বে, কিংবা কেউ পড়বে, নিজে স্বাভাবিক থাকার জন্যই দেয়া।

[কিছু মানুষ দেশের চিন্তা ফেলে আমি কেন এমন পোস্ট দিয়েছি তা নিয়ে চিন্তিত হয়ে গেছেন। এক-দুইজন আবার অশ্লীল ভাষায় মন্তব্যও করে গেছেন। তাদের দেশাত্মবোধ দেখে আমি আপ্লুত। এমন অবস্থায় আপনিই বা আগ্রহ পান কেন পোস্ট পড়ার?...কিংবা সময় পান কোথায় মন্তব্য করার?...]


আমি স্বাভাবিক থাকতে চাইছি। এখন দুর্বল হওয়া চলবে না যে আমার। ......আমাদের......আমাদের সবার......

 

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: হ,বুঝছি।এইবার ফুটেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: হুমম...

২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
অ্যামাটার বলেছেন: আমাদের কেউ কেউ হয়ত সরাসরি আক্রান্ত, কেউ বা না; তবু সকলেই উদ্বিগ্ন, আমাদের সকলকেই নাড়া দিচ্ছে, কেননা আমরা আমাদের এই ছোট্ট সুন্দর দেশটাকে প্রচন্ড ভালবাসি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: আমরা আমাদের এই ছোট্ট সুন্দর দেশটাকে প্রচন্ড ভালোবাসি......

৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
সুদীপ্ত শর্মা বলেছেন: এখন দুর্বল হওয়া চলবে না যে আমার। ......আমাদের......আমাদের সবার......
আসলেই...
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
প্রমিত কুমার বলেছেন: আপনার অনেক গুলো ভালো পোষ্টের মধ্যে এটা কে অসাধারণ বলে মনে হলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৪
কালপুরুষ বলেছেন: সবাই উৎকন্ঠিত ছিল। এমন অবস্থা কারোই কাম্য নয়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: এমন অবস্থা আসলেই কাম্য নয়। দেশটাকে অনেক সুন্দর দেখতে চাই...

৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩২
নুভান বলেছেন: হ,বুঝছি।এইবার ফুটেন...হাহাহা
৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
মইন বলেছেন: সকালে মন খারাপ হয়েছে ব্রাশ ফায়ারে ঝাঝড়া হওয়া লাশ গুলো দেখে।
এখন মন খারাপ যখন শুনলাম, রাত্রে মারা যাবে বহু বিডিআর জওয়ান।

অনেক গুলো কাজ পরে আছে। করতে পারছি না।
আমার কেউ বিডিআর বা সেনাতে নেই।
তবুও আজ রাতের ঘুম আমার আসবে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: হা রে ভাই, কিছুই হচ্ছে না। ভাবনাগুলো ফির ফিরে এইখানেই চলে আসে.........

৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
রাজর্ষী বলেছেন: টেনশন না কইরা দেশের ভবিষ্যত চিন্তা করেন। আমার পোস্ট পড়ে আসুন। আমাদের জানা দরকার কেন এসব হচ্ছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: ভবিষ্যত তো ভাবছি......আশাবাদী হয়ে থাকার জায়গাটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে......মনে হচ্ছে, দেশটার খুব বড় বিপদ আসছে সামনে......

৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮
অরণ্যদেব বলেছেন: হাসান মাহবুব বলেছেন: হ,বুঝছি।এইবার ফুটেন।
১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমার মনে হয় গল্প লিখে, বই পড়ে বা সিনেমা দেখে নিজেকে শান্ত রাখার চেষ্টা করার চেয়ে অনেক বেশী দরকার তাদের জন্য দোয়া করা। হয়তো আপনি এমনই নিজের অনুভুতি গুলো প্রকাশ করতে গিয়ে, ঠিকমতো প্রকাশ করতে গিয়ে তা পারেন না। অথবা আপনি হয়তো খুব আত্মকেন্দ্রিক। তাই হয়তো নিজেকে ব্যাস্ত রেখে এই সময়টা কাটাতে চাইছেন। কোনটা জানি না।
পালিয়ে কি বাচাঁ যায়?
আজ যদি আপনার কেউ সেখানে জিম্মি থাকতো? তাহলে কি পালাতে পারতেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: জানি না ভাই...এই মুহুর্তে খুব বাজে লাগছে ব্যাপারগুলো। নিজেকে যত বিস্তৃত করবো, বাজে লাগার অনুভূতিটা আরো বাড়বে। ... খুব বিরক্ত হয়ে আছি পুরো সিচুয়েশনটা নিয়ে।

যা হচ্ছে খুব ভালো কিছু হচ্ছে না...এইটা মনে হচ্ছে খুব বেশি...আর খারাপ লাগার পরিমাণটা আরো বাড়ছে। ...

তাই চুপচাপ বসে দেখছি ব্যাপারগুলো। ... পালাচ্ছি না...

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: আছে রে ভাই...আমারও টেনশন আছে...

১২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
মনজুরুল হক বলেছেন:

আপনাকে ধন্যবাদ। আপনি তবুও টেনশনিত হচ্ছেন।

এই ব্লগে এমন কিছু প্রেমাস্পদ কবিকুল আছেন যারা নিরোর চেয়েও বৃহৎ বংশীবাদক।
তাদের এসবে কিছুই যায় আসে না। তারা তাদের লুলায়ীত কাব্য এবং ততধিক লুলমিশ্রিত কাব্যমন্তব্যে ঘুলে লুল হয়ে আছেন। ওদের আফসোস হচ্ছে কিছুতেই প্রথম পাতায় কাব্য এবং স্ক্রল দেওয়া "মঙ্গলম" মার্কা কমেন্ট এর সুযোগ পাচ্ছে না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: হুমমম......টেনশন তো হইতেসেই রে ভাই...

কবিদের কথা কি বলবো??? আমি নিজেই এখানে নিরব......

১৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৪
নিষণ্ণ বেদন বলেছেন: এই লেখাটি চলমান ঘটনাপ্রবাহ নিয়েই একটু অন্য ঢং-এ লেখা। তাই বলে সবাই এতো মাইনাচ দিবে!!? বুঝি না।

আমি এই মুহূর্তে ধানমন্ডীতে। গত দু'দিন ধরেই প্রতিনিয়ত বাসায় বসে টিভিতে আর নেটে খবর নিচ্ছি পরিস্থিতির। দুশ্চিন্তা তো হচ্ছেই। তারপরও হঠাৎ হঠাৎ গান শুনছি, অন্যদের সাথে চ্যাটে দুষ্টুমি করছি। টেনশন কমানোর জন্যই আসলে। ভেংগে না পড়ে শক্ত থাকার চেষ্টা।

আর, ব্লগ মানে তো ওয়েবে একজনের ডায়েরী-র মত। সেখানে কে কবে কী লিখবে সেটা সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যাপার বলে আমি মনে করি।

--- ঘুমন্ত পথিক
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: এইটা পাবলিক সেন্টিমেন্ট ভাইয়া...সবাই এখন আশা করছে সবাই এক রকম আচরণ করবে...ফলে যে কনফর্ম করছে না তাকেই সবাই অপছন্দ করছে।

যে অবস্থাটা আমার কিংবা আরো ক'জনের হয়েছে। এখানে আসলে কারও কিছু করার নাই...

এটাই সমাজের সাইকোলজি......

যারা একটু ভিন্ন পথে যায়, স্টেরিওটাইপ এর সাথে যারা মেলে না, তাদের সমাজের সাধারণ মানুষ সহজ চোখে দেখতে পারে না......

যাই হোক, আপনাকে ধন্যবাদ সমব্যথী হবার জন্য...

১৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩
তার ছিড়া 74 বলেছেন: পোস্টটা ভাল লেগেছে। চমৎকার লেখার জন্য ধন্যবাদ। আমরা সবাই আমাদের দেশকে ভালবাসি। আর সেকারণেই দেশের নানা ঘটনায় আমরা বিচলিত হই। চিন্তিত হই। কিন্তু যাদের এইসব ভাবা উচিৎ তারা কি ভাবেছন?? ভেবে দেখুন, ডিজিএফআই যদি তাদের কাজ ঠিকমত করতো তাহলে কি ঘটনা এতদুর যেতো?? ডিজিএফআই ব্যস্ত রাজনীতিবিদ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেছনে।

আবারো ধন্যবাদ, ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯১০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখার আছে অনেক কিছু ...বলার আছে অনেক
লিখব সবই, বলবো সবই, একের পর একেক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই