আমার হতাশর পাশ ঘেঁষে যে নিরন্তর প্রবাহমানতা
তুমি তা কোনদিন দেখনি। নৈঃশব্দের মতো আমার
শপথগুলো নিরর্থক মনে হতে পারে- আমি জানি
মুখ খুলে সবই বলতে হয় তোমাকে, নাহলে বোঝনা
আমার প্রেমিক অক্ষরগুলোর আর্তনাদ; অরণ্যে,
বৃষ্টিতে, তুমি দেখনি আমার সূর্যোদয় থেকে
সূর্যাস্তের দিকে হেঁটে যাওয়া; তুমি ভাবনি
হা-ভাতের আর্তিতে কী ভীষন এক সূর্য
আমাদের সোনার সূর্যের রক্তললাট লেখা।
শীতনিদ্রায় আছি যদি ভাব
অচ্ছুত হয়ে আছি যদি ভাব
আঁধারে নিয়ত ডুবে ডুবে নির্জন হয়ে আছি
যদি ভাব- তবে আমার অট্টহাসিতে শুনে নাও-
জ্বলে উঠিনি বলে ভেবোনা আগ্নেয়গিরি নই।
{দীর্ঘদিন ধরেই (প্রিয়) ফরহাদ উদ্দিন স্বপন অভিযোগ করে আসছিলেন, আমার কবিতায় শুধু হতাশারই গান বাজে}
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


