উন্মোচিত হও- বস্তু, তুমিতো ধোঁয়াশা নও তাঁর মতো;
কল্পণার উঠোন তোমাকে হতে হবে না।
যতই দুর্বোধ্য হও তুমি সত্য- আগুনের উষ্ণতার মতো
শেষ রাতের ক্লান্ত চুম্বনের মতো
ঘামের মতো- যতোই চোখ তুলে দেখি
ততোই তুমি
তুমি হয়ে যাও-
বিস্ময়ের চাদোর গায়ে অতিক্রম করে চলছো মাঘের শীত। তুমি গ্রন্থজাত নও- বিবিধ অক্ষর থেকে বহুদূরে সরল আদি কোষ তুমি- তোমাকে আনন্দ দিতে আমিই ঈশ্বর হয়ে উঠি- হেমন্তের ঈশ্বর- মেরুদেশের তুষারপাতের বিভ্রম ডিঙ্গিয়ে
আমরা পরস্পর কথা বললেই বৃষ্টি নেমে আসে কোথাও কোথাও
হাজার হাজার উপমা ধেয়ে আসে আমাদের পারস্পরিক একীভবনে
তুমি উন্মোচিত হলেই উত্থিত হয় আমার জ্ঞান
গতকাল খুঁড়ে তুলে নিয়ে আসি পিতৃপুরুষের ঋণ
মাতাল করোটি- অতীত মেঘ-;
আর তুমি স্থির হলে
থেমে যায় আমার বিকাশ
ধোঁয়ায় ঢেকে গেলে থেমে যাবে নির্মাণ।।
তুমি, ভাবের অভাবে গতিময় হও
আমার উন্মোচনের আকাঙ্খায়
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


