কিছুদিন আগে গত শতকে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে ভূমিকা রেখেছে এমন ৭১ টি গণসংগীত নিয়ে তৈরি একটি সংকলন বের হয়। কিন্তু এর বিক্রয়মূল্য এবং স্পন্সর নিয়ে কিছু প্রশ্ন জাগে আমার। ঠিক সেদিন ‘সাপ্তাহিক বুধবার’এ প্রকাশিত চিঠিপত্র বিভাগে একজন পাঠকের চিঠি দেখলাম। সেটাও এই বিষয় নিয়ে এবং অনেকাংশই আমার মতের সাথে মিলে যায়। তাই আর কিছু না লিখে সেই চিঠিটাই তুলে দিচ্ছি।
সংস্কৃতি হয়ে যাচ্ছে ব্যবসা
গত শতকের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে ভূমিকা রেখেছে এমন ৭১টি গণসঙ্গীত নিয়ে তৈরি হলো ‘জাগরণের গান’ নামের একটি সংকলন। গানগুলো সাজানো হয়েছে ছয়টি সিডিতে। সঙ্গে আছে সবকটি গানের বাণী এবং গীতিকার ও সুরকারের নাম নিয়ে একটি বই। এটি তৈরি করেছে স্টেপ মিডিয়া লিমিটেড, প্রিষ্টপোষকতায় বাংলালিংক। আর পুরো পরিকল্পনাটি বাস্তবে রূপ দিয়েছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। সহযোগী হিসেবে আছে প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। গানগুলোতে মূল শিল্পীদের পাশাপাশি কন্ঠ দিয়েছেন দুই বাংলার এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পীরা। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
একইসঙ্গে গুরুত্বের বিষয় হচ্ছে গণসঙ্গীত কাদের গান, এসব গান কারা শোনে সেটাও। সমাজের সবস্তরের মানুষের কথা চিন্তা করেই তৈরি হয় গণসঙ্গীত। যেহেতু সব শ্রেণীর লোক গণসঙ্গীত শুনে থাকে সেহেতু কি রকম দামে এই সংকলন কিনতে সবাই পারবে সেটাও একটা বড় বিষয়। অথচ এই সংকলনের দাম ধরা হয়েছে ৬শ’ টাকা।
এখন প্রশ্ন হচ্ছে যেসব লোক এ ধরনের গান শোনেন তাদের জন্য এই দাম কতোটা যুক্তিযুক্ত। এমন অযৌক্তিক দাম নির্ধারণ করার পর এমন বড় কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করার প্রয়োজনীয়তাই বা কোথায়? এমন বড় একটি প্রতিষ্ঠান সহযোগিতার পরেও এমন একটি সংকলনের দাম এতোটা বেশি হওয়া নিশ্চয়ই উচিত নয়।
তালাত মুজিব হিমেল
মিরপুর,ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


