মৃত ঈগলের পালক দিয়ে তার সীমানা টেনে দিয়েছি,
তোমার জঙ্ঘার আঁধারে জমে থাকা বরফ
উৎসাহে গলে যায় সেখানে ঝর্ণার অবাধ্য গান হতে চেয়ে।
মরুভূমি ভালবাসি বলেই আমার জন্ম অথবা পতন
অনেক অনেক গোধূলির শব পড়ে আছে যে সমাধিফলকে
সেই ফলকের পাঁজরের ভেতর উত্তাপে সুরক্ষিত যে মরুভুমি।
আমার তৃষনা স্বপ্নের চেয়েও অস্পৃশ্য
আমার স্বপ্ন জন্ম না নেয়া পাখির ডানার চেয়েও নিঃসাঢ়।
আগুনের সব ভয়াবহ স্রোতস্বীনি নদীর তীরে
দাঁড়ানো তোমাদের ছায়া
তোমাদের দেহ মৃত্যুর ভঙ্গিতে নতজানু হয় দ্যাখে ছায়া পোড়া অঙ্গার,
আমি নেই সেই সব মরমী গানে
আমি নেই আকাশের অনির্বাপিত, ভূয়সী বিস্মরণে
তাহলে আমি যে আছি- তা কোথায়?
জীবনের সূর্য-প্রদীপে জ্বলে ওঠা স্বপ্নের শিখায় কি ছিলাম?
এক পুড়ে যাওয়া পতঙ্গের মতো কি নিজের হৃদয়কে ভুলে ছিলাম?
জীবনে প্রথম আমি যার গান শুনেছিলাম
সে ছিল এক প্রেতসাধক
যার চোখের তারায় দ্যাখা যেত এক ঈগলের গোরস্থান
আমি সেই গায়ককে শ্বাষরুদ্ধ করে মেরেছিলাম
যার পরের বছর থেকে আমার স্বপ্নের প্রান্তরে
ভরে গিয়েছিল খরা,মহামারী,আর বিরানতার প্রেতে
যেখানে স্বপ্ন প্রপাতে হারিয়ে যাওয়া তার ডানা খুজে বেড়াচ্ছিল
আমার ঘুম
সেই অভিশপ্ত ঈগলের গোরস্থানে।
স্বপ্নের স্পর্শে মৃত্যু জেগে উঠে হেটে যায় আলোর মোহনায়
মূমূর্ষ জ়গত যেখানে ধুকছে নিজের অচেনা নিঃশ্বাসের শব্দে
স্বপ্নের শূণ্যতার দখলে গিয়ে নিজেই কি হয়ে যাই বেদখল!
টেনে টেনে এনে জড়ো করি তবু সেখানে
বিয়ের আসরে মরে যাওয়া
অশরীরি লিপ্সায় দেহধারী
ভয়াবহ সব যুদ্ধের মোহময়ী স্ফূলিঙ্গ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



