এলিজি ফর দি মোস্ট বিউটিফুল লেডি
১৪ ই জুন, ২০০৬ দুপুর ২:২৯
....ইদানিং এমন হয়েছে, মন খারাপ করলে শরীরও কেমন যেন খারাপ লাগে । একদম চুপচাপ নিজের মত থাকাতেই যেন তখন একমাত্র স্বস্তি। নিজের মত থাকা,নিজের মত ভাবা,ইচ্ছেমত কারো ওপর অভিমান কারে থাকা...কেউ তো আর জানবে না....। অবাধ স্বাধীনতার চিন্তার জগৎ.....।
বর্তমানটাকেই সবচেয়ে অসহ্য মনে হয়। যেন যা ঘটছে বর্তমানে সব খারাপ। স---ব। বন্ধুর মত তখন পাশে এসে বসে অতীত।অনেক কষ্টের মাঝে এক চিলতে শান্তির পরশ যেন। ছোট্ট জীবনের কত কথা এসে ভীড় করে মনের মধ্যে.....আর আমি ডুবতে থাকি ভালোলাগার গহীন স্মৃতির অতলে।
মনে পড়ে এক বৃষ্টি দুপুরের কথা..ঝুম বৃষ্টি হলো অনেকক্ষন ধরে...একটা বিছানায় ক্রমাগত শুয়ে বসে ভীষন বোর হয়ে অসুস্থ আমার মা খুব হালকা পায়ে একলাই বসার ঘরে এলো,আমি দৌড়ে উঠে তাকে ধরলাম। একটুখানি বসে মা অপলক তাকিয়ে রইলো বারান্দার গ্রিলের দিকে। আমিও তার দৃষ্টি অনুসরন করলাম। মা হঠাৎ তার দেবীর মত মুখে স্বর্গের হাসি ফুটিয়ে বললেন, "দেখো মামণি,বারান্দার গ্রিলে বৃষ্টির পানিগুলো কেমন মুক্তার মত ঝকঝক করছে!" আমি সেই সৌন্দর্য ছাপিয়ে আমার মায়ের মুখ দেখছিলাম...যে মানুষ সারা জীবন পার করে দিলো রান্নাঘরে আর সংসার সামলাতে ,তার মনের কোণে এত সৌন্দর্য লুকিয়ে থাকে! একটু অবসরে কেমন করে কাব্যিক হয়ে উঠেছিলো আমার মা...এত বছরের হলুদমাখা হাত বৃষ্টির দিকে বাড়িয়ে গুনগুন করে গান গেয়ে উঠেছিলো...
আজ আবার বৃষ্টির কান্না শুনে মনে পড়লো তোমায় মামণি...।আমি কিন্তু কাঁদছি না আম্মু , আমি খুব হাসতে শিখেছি জানো? ওই যে সেই একটা কবিতা আছে না? "মন ভালো নেই,মন ভালো নেই...কেউ তা বোঝে না..চোখ খোলা তবু চোখ বুজে আছি, মুখে ছায়া নেই....."! আমারও মুখে ছায়া নেই...শুধু আজ একটু বেশি মনে পড়ছে তোমায় মা....আজ বারোটা অবধি জেগে থাকবে না তুমি এই প্রথম আমার জন্মদিনে...এরকম বছরের পর বছর আরো কেটে যাবে...তুমি আর কখনোই থাকবে না...আর আমার বয়স এক এক করে বেড়েই যাবে শুধু....
বাড়ছে...বাড়ছে...বাড়ছে...........................................।
প্রকাশ করা হয়েছে: আমার দক্ষিন খোলা জানলা বিভাগে ।
অতিথি বলেছেন:
স্বাগতম! প্রথম লেখা মন কেড়েছে। জন্মদিনের শুভেচ্ছা।
অতিথি বলেছেন:
ধন্যবাদ কনফু এবং শেখ জলিল।
অমি রহমান পিয়াল বলেছেন:
আমার মু
অতিথি বলেছেন:
আপনার মা সাথে না থাকলেও...তার দোয়া নিশ্চয় সাথে আছে ।আপনার মেয়ে ও আপনাকে এই ভাবে মনে রাখুক ।জন্মদিনের শুভেচ্ছা রইল।
অতিথি বলেছেন:
অনেক ফুল, অ ফুল, ব্যক্ত ফুল, শুভ ফুল, যোগ ফুল, ইচ্ছা ফুল, সহ ফুল, কারে ফুল, আজকের ফুল, এই ফুল, দিন ফুল, টির ফুল, ফিরে ফুল, আসা ফুল, কে ফুল, অভি গুল, নন্দন ফুল, কে ফুল, বল ফুল, ই ফুল, আপ ফুল, নার ফুল, জন্য ফুল ।।এবার সব ফুলগুলো তুলে নিয়ে মালা গেঁথে খোঁপায় গুঁজে নিন। ........ যা পড়ে থাকলো, সেটা আপনার প্রাপ্য।
হযবরল বলেছেন:
শুভ জন্মদিন । মায়ের হাত ধরে আঁকিবুকি শেখা , বড় হওয়া, মা কখনো আমাদের ছেড়ে যায় না ।
অতিথি বলেছেন:
তুমিতো মিয়া মনটাই খারাপ করে দিলা। জন্মদিনে এরকম পোস্ট দেয় কেউ। শুভ জন্মদিন.... আর মা.... আমাদের মা ভালই আছে..... আজ তোর জন্মদিনে ঐখানকার সবাইকে রান্না করে খাওয়াচ্ছে ফর সিউর ।
মা রা কখনই হারায় না। কাদিসনা রে বোন। এই বল্গে আমাদের সবার মাই এখন তোর মা।
কালপুরুষ বলেছেন:
প্রজাপতি,আজ এই ক্ষণে, সদ্য অতিক্রান্ত রজত জয়ন্তীর এই শুভলগ্নে আপনার জন্মদিন-এ কী দিতে পারি উপহার? আছে প্রাণ ঢালা শুভেচ্ছা আর একরাশ ভালবাসা তাই দিতে পারি সবই তার যদি বলেন মুখ ফুটে।
কালপুরুষ বলেছেন:
প্রজাপতি,ধুসর গোধূলি বলেছে- "অনেক অব্যক্ত শুভেচ্ছা সহকারে আজকের এই দিনটির ফিরে আসাকে অভিনন্দন কেবলই আপনার জন্য"। ফুল শব্দগুলো বাদ দিয়ে যা হয়।
মাশীদ বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছ জানাতে ভুলে গেছি।মন খারাপ করিস না। এই জন্মদিন সহ তোর আগামী সব জন্মদিন যেন আনন্দে কাটে সেই কামনা করি।
অতিথি বলেছেন:
মাশীদ আপু,গোপাল দাদা (জানি,ছদ্মনাম,তবু দাদা ডাকতে ইচ্ছা করলো খুব) এবং কালপুরুষ, অনেক ধন্যবাদ।কালপুরুষ, ধন্যবাদ।কিন্তু এই ফুলের খেলাটা ছোটবেলা থেকে আমার খুব প্রিয়, আমি ওটা বুঝেছি তো। আমি বলছিলাম যে ফুলগুলো খোঁপায় গুঁজার কথা বলেছিলেন তার কথা ।
মাশীদ বলেছেন:
আসলেই ধুর! এখন দেখছি নেট থেকেও সরতে হবে। লোপামুদ্রা বন্ধ করেও লাভ হচ্ছে না।খুব ভাল লিখেছিস (একবার যখন মাশীদ আপু বলেছিস কনফুর পোস্টে তখন কোনভাবেই তুই ছাড়া ডাকতে পারব না, সরি)। একটু আগে হযু ভাইয়ের পোস্ট পড়ে ঢাকার জন্য মন খারাপ লাগছিল। দিলি তো এখন আমার দোস্তটাইপ আম্মার জন্য মন খারাপ করে!
তোর মা আসলেই খুব সুন্দর। তোর জন্য কষ্ট হচ্ছে।
কালপুরুষ বলেছেন:
ও হ্যাঁ, কি যেন বলছিলাম!! ধুর ছাই !! আপনার লেখা পড়ে সব ভুলে গেলাম। এত দারুন লেখেন কি করে!! সব ভুলিয়ে দেন।
আরাফাত রহমান বলেছেন:
দেরি হলেও জন্ম দিনের শুভেচ্ছা দিতে চাই।
অতিথি বলেছেন:
প্রজাপতির ও যে পছন্দের ফুল থাকতে পারে এটা জেনেই ফুলের নামটা উহ্য রেখেছিলাম।হঁ্যা সব গুলোই বেলী ফুল... একদম তাজা!
অতিথি বলেছেন:
ধুর,আপনি তো মেয়ে ভিজায় দিলেন..
ঝরা পাতা বলেছেন:
প্রজাপতি,এতো মমতা দিয়ে লেখার এই সহজাত ক্ষমতা আপনি পেলেন কি করে? আমি আপনার সব পোস্টগুলো পড়া শুরু করেছি। মা'কে নিয়ে আমি প্যাট ও রেলির খুব দারুন একটা কবিতার ভাবানুবাদ করেছিলাম। আমার ব্লগে " চমৎ কার মা" নামে আছে। পড়ে দেখবেন, আশা করি মায়ের প্রতি ভালোবাসা আবার অনুভবে জীবন্ত হয়ে উঠবে। একটা প্রশ্ন, পোস্টে ওটা কি আপনার মায়ের ছবি? ভালো থাকবেন, আর লিখবেন অনেক অনেক।
অতিথি বলেছেন:
ধন্যবাদ ঝরা পাতা আমার পোস্টগুলো পড়ছেন বলে। এত দিন পরে এই পোস্টে মন্তব্য দেখে খুব অবাক হয়ে লগ ইন করেছি। আমি অবশ্যই আপনার েপোস্টটা পড়বো, জানানোর জন্য ধন্যবাদ।আর মমতা দিয়ে লেখা...জানি না...শুধু জানি এরচে' অসীম গুন বেশী মমতা আমার মা'র কাছ থেকে পেয়েছি ।
অতিথি বলেছেন:
ও বলতে ভুলে গিয়েছিলাম, হু ওটা আমার মায়েরই ছবি।
কালপুরুষ বলেছেন:
প্রজাপতি কখন কোন ফুলে বসবে কে জানে। সব ফুল কি আর সৌরভ বিলায়? নাকি বর্ণে সাজে? তবে প্রজাপতি জানে কোন ফুলের রেণু তার ছোয়াঁর প্রত্যাশায় নির্ঘুম রাত কাটায়। নিশিভোরে তাই প্রত্যাশিত এক প্রজাপতির ছোঁয়া ঠিক পেয়ে যায়।
অতিথি বলেছেন:
শামসুর রাহমান এর 'কখনো আমার মাকে' কবিতাখানার প্রথম এবং শেষ কিছু লাইন আমার আর আপনার মতো সন্তানদের জন্য যারা মা-র খুব কাছে থেকেও অনেক কিছু লক্ষ করেনি।কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি।
সেই কবে শিশু রাতে ঘুৃম পাড়ানিয়া গান গেয়ে
আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ মনেই পড়ে না।
...
...
যেন তিনি সব গান দুঃখ-জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে
রেখেছেন বন্ধ ক'রে আজীবন, কালেভদ্রে সুর নয়, শুধু
ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে!
অতিথি বলেছেন:
মৃন্ময়,আমি যদি বলি আমি আমার মাকে লক্ষ্য করিনি খুব ভুল বলা হবে। কিন্তু আমার মা এত বৈশিষ্ট্যময় ছিলেন যে প্রতিনিয়ত তাকে দেখে দেখে নতুন করে জানতাম আর অবাক হতাম। এখন শুধুই সেইসব স্মৃতিতে ঘোরাফেরা...।
এত পুরনো একটা লেখা পড়েছেন...ধন্যবাদ।
অতিথি বলেছেন:
আমি ঠিক লক্ষ কথাটা সেভাবে বলিনি।
সারিয়া তাসনিম বলেছেন:
সুন্দর !
সাইফুর বলেছেন:
মন খারাপ করা


















