সাগরের তেল-গ্যাস ক্ষেত্র ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধের দাবিতে সমাবেশ, পুলিশের লাঠিপেটায় বিশিষ্ট গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, টিপু বিশ্বাস, সঙ্গীতা বাড়ৈসহ আহত ১০
সাগরবক্ষের তেল-গ্যাস ক্ষেত্র ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধ করার দাবিতে গতকাল সোমবার আয়োজিত সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বিশিষ্ট গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, টিপু বিশ্বাস, সঙ্গীতা বাড়ৈসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশের বাধার মুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা সাগরবক্ষের নয়টি ক্ষেত্র বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার বর্তমান সরকারের কার্যক্রমকে জনস্বার্থবিরোধী অভিহিত করেন। তাঁরা এটা বন্ধ ও প্রধান উপদেষ্টার এ বিষয়ক বিশেষ সহকারী ড· ম তামিমের অপসারণ দাবি করেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি একই দাবিতে গতকাল ঢাকা ছাড়াও প্রায় ৩০টি জেলায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে।
গতকাল বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগে আয়োজকেরা মিছিল করে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় এবং লাঠিপেটা করে। তাতে সৈয়দ আবুল মকসুদ, টিপু বিশ্বাসসহ অন্যরা আহত হন।
সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, 'সমাবেশ বা মিছিল শুরুর আগে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায়ই আমাদের ওপর পুলিশ হামলে পড়ে।' তিনি বলেন, এর আগে বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করেছি। কিন্তু মনে হয়েছে, তেল-গ্যাস ইস্যুতে পুলিশ খুব বেশি উগ্র আচরণ করেছে।
পরে আয়োজকেরা মিছিল বের না করে মুক্তাঙ্গনে সমাবেশ করেন। সমাবেশের সভাপতি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদুল্লাহ তাঁর বক্তৃতায় জ্বালানি উপদেষ্টা ম তামিমের অপসারণ দাবি করেন।
জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের খনিজ সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য গ্যাস ও বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। বঙ্গোপসাগরে তেল-গ্যাস ও ফুলবাড়ী কয়লাখনি বিদেশি কোম্পানির হাতে যারা তুলে দিতে চায়, তাদের অপসারণ করতে হবে।
সমাবেশে আরও বক্তৃতা করেন সৈয়দ আবুল মকসুদ, টিপু বিশ্বাস, নূর মোহাম্মদ, অধ্যাপক সুশান্ত কুমার দাস, বিমল বিশ্বাস, সাইফুল হক, জোনায়েদ সাকী প্রমুখ। অন্যান্যের মধ্যে মনজুরুল আহসান খান, মোর্শেদ আলী, রাজেকুজ্জামান রতন প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে জাতীয় কমিটির পক্ষ থেকে একই দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল বেলা তিনটায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি মানববন্ধন করে। সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে সমাবেশ হয়।
যশোর প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চিত্রা মোড়ে সমাবেশ করে।
একই দাবিতে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

