ঈশ্বর বিনিময় বিহীন নন
তিনি আনুগত্য চান
উপাসনা চান, আরাধনা চান
ক্ষেত্রবিশেষে ভোগও চান।
তুমি ঈশ্বরের চাইতেও দুর্লভ
এই প্রতিযোগিতার বাজারে
আমার সাথে ঘরবাঁধাটা ভুল হয়েছে-
এ জাতীয় অনুযোগ প্রায়ই শুনি।
উপরন্তু, তোমার একটু হাসির জন্য
সারাদিন খেটেখুটে বাড়ি ফিরে
যে হাসিটা দেখতে পাই
তাকে বড় বেশি আনুষ্ঠানীক মনে হয়।
চারপাশের পরিচিত মুখগুলোর কেউই
বিনিময় বিহীন নয়
একটুখানি স্বার্থের হানি হলেই
চুপসে যায় মুখের স্নিগ্ধ হাসিটি।
সময় আর সম্পর্কের মানদন্ডের হেরফের এবং
তথাকথিত আচরণের আনুষ্ঠানীকতা সবই উঠানামা করে
বিনিময় মূল্যের সূচকের উপর।
এই যে আমার শরীর-
যাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালবাসি
সেও আমার না
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে
বহু আগেই তাকে হস্তান্তর করে এসেছি
বীমা কোম্পানীর হাতে।
মা, নিরন্তর এই বিনিময়ের বাজারে
শুধু তুমিই সহজলভ্য, শুধুই তুমিই সস্তা
শুধু তুমিই আপাদমস্তক বিনিময় বিহীন।
মা, কেন তুমি এত্তো বোকা?
কেন তুমি এত্তো বিনিময় বিহীন?
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



