আমি তাদের সাফাই গাই না যারা আমার বিশ্বাসে চিড় ধরাতে চায়।
যারা আমাকে বোঝাতে চায়, আমি কুমারী মায়ের সন্তান নই।
যারা আমাকে দন্ডিত করেছে নিরপরাধে, পুড়িয়েছে আমার কলব-এর অক্ষর,
সে দেশে মাথা গুঁজার ঠাঁই পেয়ে, আমি নিশ্চিন্তে ঘুমাই কি করে?
আমার বোন আফিয়াকে চোখের সমুখে ধর্ষণ করে মাতমের সুযোগ করে দিল বলে
আমি কৃতজ্ঞ হতে পারিনি।
আমাকে অকৃতজ্ঞই বলতে পারেন আপনারা।
কারণ ক্রীতদাস হয়েও আমি ভুলে যাইনি আমার আত্মসম্মান।
দাসত্বের শিকলে আমার পা দু'টিই রদ হয়েছে,
বধ হয়নি আমার প্রতিহিংসা, উবে যায়নি তার বিষবাষ্প।
শিকলের ভারে আর ঘর্ষণে দগদগে ক্ষত আর পুঁজে তাদের চোখে ভয় দেখে
আমি উল্লাস বোধ করেছি।
আমার তৃষ্ণার্ত ঠোঁটে প্রস্রাব করে আমার তৃষ্ণা মেটালেও
আমি তুষ্ট হতে পারিনি।
আমাকে অকৃতঘ্নই বলতে পারেন।
ধর্ষিতা মায়ের গা ছুঁয়ে শপথ করলাম
আমি আমার জন্মদাতাদের খুঁজে বের করে
রক্তের ঋণ শোধ করবই।
আমাকে কৃতজ্ঞও বলতে পারেন আপনারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

