নতুন ব্লগার আওরঙ্গজেব "ব্লগের পরিবেশ সুস্হ রাখার জন্য কর্তৃপক্ষ সহ সকলের দৃষ্টি আকর্ষন" করছেন। তিনি পাঁচটি ব্যাপারে আহবান কইরা বলছেন "আসুন আমরা ব্লগাররা মিলে নিচের কাজ গুলো করি।"
আওরঙ্গজেব বলছেন :
"১. নিজের লেখায় কখনো অভদ্র ভাষা ব্যবহার না করা"
আমার কথা :
ডিয়ার আওরঙ্গজেব, অভদ্র ভাষা যদি লিগ্যাল হয় তবে আপনি অভদ্র ভাষা ব্যবহার না করার জন্য অনুরোধ করার কে?
আওরঙ্গজেব বলছেন :
"২. কমেন্টের সময় সুচিন্তিত মতামত দেয়া, অভদ্র ভাষায় কাউকে এটাক না করা"
আমার কথা :
কমেন্টে কুচিন্তিত মত দিলে কী সমস্যা? অভদ্র ভাষায় এটাক করলে তো পোস্ট-এর মালিক চাইলে সেইটা মুইছাই দিতে পারেন। আপনি ভাষারে একমুখী, একগামী ও নিপাট করার প্রকল্পের কথা বলতেছেন। অভদ্রতা ভাষা ও সমাজের প্রাণ।
আওরঙ্গজেব বলছেন :
"৩. কারো ব্লগে যদি কেউ অভদ্র ভাষা ব্যবহার করে, তবে তাকে সতর্ক করা ও প্রয়োজনে কমেন্ট মুছে ফেলা"
আমার কথা :
অনধিকার চর্চা।
আওরঙ্গজেব বলছেন :
"৪. সব সময় সততা বজায় রাখা। কেউ খারাপ আচরন করলেও তা এড়িয়ে যাওয়া। এতে খারাপ আচরনকারী একসময় ক্লান্ত হয়ে বসে পড়বেন"।
আমার কথা :
সততা বজায় রাখতে বলতেছেন আবার একই সঙ্গে এড়িয়ে যাওয়ার কথা বলতেছেন। এড়িয়ে যাওয়া কখনোই সৎ আচরণ নয়। আর অন্যের আচরণ খারাপ যেভাবে ভাববেন অন্যেও সেভাবে আপনার আচরণরে খারাপ ভাবতে পারে।
আওরঙ্গজেব বলছেন :
"৫. সর্বোপরি, কর্তৃপক্ষের সহযোগিতার জন্য বিষয়টি তাদের জানানো।"
আমার কথা :
কর্তৃপক্ষের এই ব্যাপারে যদি নীতি থাইকা থাকে সেইটা আগে জাইনা নেওয়া ভালো। নয়তো এই নালিশতা হা হতোস্মি!
আওরঙ্গজেব কথা বইলা আমারে কথা বলনের সুযোগ কইরা দেওয়ায় ধন্যবাদ। এই সব প্রস্তাব বা আহবান মালার উত্তর আওরঙ্গজেব-এর পোস্টেই দেওয়া যাইত, দুই কারণে এইখানে দিলাম।
এক. আওরঙ্গজেব-এর তুলনায় আমার পাঠক এখনও বেশি।
দুই. এই খানে কমেন্ট রাখা বা মোছার মালিক আমি। আওরঙ্গজেব তার আহবানের সারাৎসার অনুসারে অভদ্র কমেন্টগুলা মুইচছা ফেলাইতেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



