মাঝে মাঝে মনে হয়
আমার শব্দেরা বড় নির্বাক, চুপসে গেছে,
ভাষা হারিয়ে ফেলে ফেলে কেবল কৌতূহলী চোখ নিয়েই
তারা জেগে আছে রাত জাগা পেঁচার মতো,
মাঝে মাঝে মনে হয়
আমার হৃদয়ের কম্পন যেন থেমে থেমে নেমে এসেছে শূন্যের কোঠায়,
জীবন থেমে থেমে আটকে গেছে
খোলসেই জগতের সীমানা নির্ধারণ হয়ে যাওয়া অবশ,
জীবন্মৃত শামুকের মতো।
তখন প্রায়শই আমি নীল সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকি
কান পেতে শুনি সমুদ্রে বিশাল সব গর্জন,
আমার নীল সমুদ্রটাকে বড় হিংসে হয় তখন--
কত শত হুংকার, কত শত আস্ফোলনে সে চির বহমান থাকে
পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে,
বড় ইচ্ছে হয় তখন আমার--
স্থবির মানবাত্মার খোলস ঝেড়ে ফেলে যদি থেকেই থেকেই
এভাবে নিরালায় বয়ে যাওয়া যেত প্রবল গর্জনে--
রব তুলে বিশালতার অনন্ত সব হর্ষ-ধ্বনির।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

