টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে,
জমে যাওয়া জলে দু'একটা ব্যাঙও
লাফ ঝাঁপ দিচ্ছে আপন তালে,
অবিরাম বর্ষনে সিক্ত আমার ঘরের দেয়ালজুড়ে
আষটে সোঁদা গন্ধটাও স্পষ্ট,
উদাম গায়ে সাত আট বছর বয়সী কয়েকটা শিশু
দুধের সাধ ঘোলে মেটানোর মতো--
জায়গায় জায়গায় জমে যাওয়া জলকে
পুকুরের জল বানিয়ে দিয়ে হাবুডুবু খেয়ে চলেছে অবিরাম,
পাশের বাড়ির ছাদে একটা মেয়ে
মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে,
আকাশের ঠিক কোন জায়গাটায়
বৃষ্টির উৎসটা রচিত হয়েছে---
নিজেকে নিজেই হয়তো সেই প্রশ্নটা সে করে চলেছে আপন মনে,
আমিও চিন্তা করছি--আজ থেকে ঠিক কতোকাল আগে
এমনই এক বর্ষনমুখর দিনে আমার হাত ধরে দাঁড়িয়ে থেকে
একটা মেয়ে এমনই এক প্রশ্ন করেছিলো মুগ্ধ নয়নে,
আকশের পানে চেয়ে থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

